টিআরআম ও আমডাঙ্গা খাল সংস্কারের দাবি অভয়নগর উপজেলা পরিষদে অবস্থান ধর্মঘটে

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ টিআরএম প্রকল্প চালুসহ আমডাঙ্গা খাল সংস্কারের দাবিতে অভয়নগর উপজেলা পরিষদ চত্বরে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালিত হয়েছে। ভবদহ পানি নিষ্কাশন আন্দোলন কমিটি এই ধর্মঘট আহ্বান করে। শনিবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘন্টাব্যাপী ধর্মঘট পালন করা হয়। অবস্থান ধর্মঘট চলাকালে বক্তব্য রাখেন, ভবদহ পানি নিষ্কাশন আন্দোলন কমিটির আহ্বায়ক এনামুল হক বাবুল, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সানা আবদুল মান্নান, নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, ইউপি চেয়ারম্যান বিকাশ রায় কপিল প্রমুখ। এ সময় বক্তারা ভবদহের জলাবদ্ধতা নিরসনে আমডাঙ্গা খালের ব্লক অপসারণ করে খালের গভীরতা ও প্রশস্ততা বৃদ্ধি করা, হরি, টেকা ও শ্রী নদীতে ২০কিলোমিটার পাইলট চ্যানেল খনন করা, ভবদহের স্লুইস গেটে বৈদ্যুতিক সেচপাম্প স্থাপন, পানিবন্দি মানুষের জন্য রিলিফ চালু করা এবং বিল কপালিয়ায় টিআরএম প্রকল্প চালু করার জোর দাবি জানান। অবস্থান ধর্মঘট শেষে নেতৃবৃন্দ অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি পেশ করেন।

ভাগ