যশোরে করোনায় নারীর মৃত্যু : ১৩ নমুনায় আক্রান্ত নেই

বিএম আসাদ ॥ গতকাল যশোরে কোন লোক কোভিড-১৯ সংক্রমণে আক্রান্ত হয়নি। ১৩টি নমুনা পরীক্ষায় এদিন আক্রান্তের সংখ্যা ছিল শূণ্যের কোটায়। করোনায় আক্রান্ত হয়ে যশোরে রিতা (২৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
যশোর সিভিল সার্জন অফিসের মিডিয়া ফোকাল পার্সন এমওসিএস ডা. রেজনেওয়াজ জানিয়েছেন, মৃত রিতার বাড়ি যশোর শহরের সরকারি সিটি কলেজপাড়ায়। গত ৩০ সেপ্টেম্বর রিতা নমুনা দিয়েছিলেন। রিপোর্ট আসার আগেই ১ অক্টোবর তিনি নিজ বাসায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর পরদিন ২ অক্টোবর রিপোর্ট আসে রিতা করোনায় আক্রান্ত হয়েছেন। সিভিল সার্জন অফিসে কোভিড-১৯ রোগীর মৃত্যু তালিকায় গতকাল তার নাম লিপিবদ্ধ হয়েছে। এ নিয়ে যশোরে মোট ৫৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন। যশোর ২৫০ শয্যা হাসপাতালে করোনা উপসর্গে ৬২ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, গতকাল যশোরে করোনায় আক্রান্তের সংখ্যা শূন্য হওয়ার বিষয়ে সিভিল সার্জন অফিসের দায়িত্বশীল সূত্র জানিয়েছেন, গত ১০ মার্চ থেকে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা জাতীয়ভাবে গণনা শুরু হয়। সেই সাথে গ্রহণ করা হয় করোনাভাইরাস প্রতিরোধে কার্যকর ব্যবস্থা। ওই মাসে যশোরে কেউ আক্রান্ত না হলেও এপ্রিলের মাঝামাঝি সময়ে যশোরে করোনা রোগী শনাক্ত হয়। এপ্রিল থেকে ৩ অক্টোবর পর্যন্ত মোট ৩ হাজার ৯শ’ ২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। দীর্ঘ ৬ মাস আক্রান্তের সংখ্যা কোনদিন শূন্য ছিল না। প্রতিদিন কেউ না কেউ আক্রান্ত হয়েছেন করোনায়। ৪ অক্টোবর কেউ আক্রান্ত হয়নি। সূত্র জানিয়েছেন, এদিন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে ৮টি নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। খুলনা মেডিকেল কলেজ হতে নমুনা পরীক্ষার রিপোর্ট আসে ৫টি। মোট ১৩টি নমুনা পরীক্ষায় কেউ আক্রান্ত হয়নি। সূত্র জানায়, একদিন করোনায় আক্রান্ত না হওয়ায় সন্তুষ্টির কিছু নেই। কারণ, নমুনা পরীক্ষা কম হয়েছে। এক সপ্তাহ এভাবে চললে বুঝতে হবে যশোরে করোনাভাইরাসের প্রভাব কমে গেছে। সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানে জানানো হয়েছে, যশোরে এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত ৩ হাজার ৯শ’ ২৮ জনের ভেতর ৩ হাজার ৫শ’ ২৯ জন সুস্থ হয়েছেন। ৩শ’ ৯৯ জন এখনো অসুস্থ রয়েছেন। তাদের মধ্যে ৯ জন হাসপাতালে ভর্তি এবং ৩শ’ ৪৩ জন আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। যশোরে এ পর্যন্ত ১৫ হাজার ৩শ’ ৬২টি নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা শেষে মেট রিপোর্ট এসেছে ১৫ হাজার ৬শ’ ৯৪টি।

ভাগ