মধ্যরাতে বসলো হাইকোর্ট : দুই শিশুর বক্তব্য শুনতে চেয়েছেন আদালত

লোকসমাজ ডেস্ক॥ বারবার চেষ্টা সত্ত্বেও পৈত্রিক নিবাসে ঢুকতে না দেওয়ার ঘটনায় সাবেক অ্যাটর্নি জেনারেল প্রয়াত কেএস নবীর দুই নাতির বক্তব্য শুনতে চেয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে আগামী ১১ অক্টোবর তাদেরকে আদালতের সামনে (ভার্চুয়ালভাবে) হাজির করতে বলা হয়েছে। পাশাপাশি মামলার পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ধানমন্ডি থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রবিবার (৪ অক্টোবর) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওয়ায়েস আল হারুনী। এর আগে শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে সাবেক অ্যাটর্নি জেনারেল কেএস নবীর দুই নাতিকে বাড়িতে ফিরিয়ে দিতে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আদেশ দেন হাইকোর্ট। ধানমন্ডি থানার ওসিকে এই নির্দেশ বাস্তবায়নের নির্দেশ দেন আদালত। পরে ধানমন্ডি থানার ওসি শিশু দুটিকে তাদের পৈত্রিক বাড়িতে তুলে দিয়ে আসেন। বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।
জানা গেছে, রাজধানী ধানমন্ডির একটি চারতলা বাড়ির মালিক সাবেক অ্যাটর্নি জেনারেল প্রয়াত কেএস নবী। উত্তরাধিকার সূত্রে ওই বাড়িতে গত কয়েকদিন ধরে ঢুকতে পারছিল না কেএস নবীর ছোট ছেলে সিরাতুন নবীর দুই পুত্র কাজী আদিয়ান নবী ও কাজী নাহিয়ান নবী। এর আগে গত ১০ আগস্ট সিরাতুন নবীর মৃত্যুর পর তার দুই ছেলেকে গত কয়েকদিন আগে বাসা থেকে বের করে দেন ওই শিশুদের আপন চাচা কাজী রেহান নবী। আগেই শিশু দুটির বাবা-মায়ের মধ্যে বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে। এরপর বাবার মৃত্যুর পর শিশু দুটি কিছুদিনের জন্য তাদের মায়ের আশ্রয়ে থেকে যায়। এরপর মায়ের কাছ থেকে নিজ পিত্রালয়ে ফেরার চেষ্টা করে ওই দুই শিশু। কিন্তু তাদেরকে আর বাড়িতে প্রবেশ করতে দেওয়া হয় না। এরপর কয়েকবার চেষ্টা করেও শিশু দুটি ওই বাসায় প্রবেশ করতে পারেনি। তবে বিষয়টি ধানমন্ডি থানাকে জানানো হলেও পুলিশের কথা আমলে নেননি শিশুদের চাচা ও সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী রেহান নবী।
ঘটনাটি নিয়ে শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১২টায় একাত্তর টিভির ‘একাত্তর জার্নালে’ একটি প্রতিবেদন প্রচারিত হয়। এসময় একাত্তর জার্নালে শিশু দুটির সঙ্গে তাদের ফুফু, সাংবাদিক রেজওয়ানুল হক ও সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ ভার্চুয়ালি আলোচনায় যুক্ত ছিলেন। এদিকে একাত্তর জার্নালের অনুষ্ঠানটি প্রচার চলাকালীন সময়েই বিষয়টি নজরে আসে বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের। এরপর একাত্তর টিভিতে প্রচারিত প্রতিবেদনটি আমলে নিয়ে মাঝরাতে হাইকোর্টের বেঞ্চ বসিয়ে আদেশ দেন বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের আদালত।এসময় স্বতঃপ্রণোদিত (সুয়োমটো) হয়ে এসব আদেশ দেন হাইকোর্ট। আদালত তার আদেশে ধানমন্ডি থানার ওসিকে ওই দুই শিশুকে তাদের বাসায় (দাদা বাড়ি) রাখতে এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে বলেন।

ভাগ