লোকসমাজ ডেস্ক॥ ‘বিশ্ববাসীর কাছে বাংলাদেশ- নারী ধর্ষণ ও শিশু ধর্ষণের হিসেবে পরিচিত পেয়েছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)। রোববার (৪ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হক হলে কল্যাণ পার্টির চেয়ারম্যান জেনারেল মোহাম্মদ ইব্রাহিমের জন্ম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি এ মন্তব্য করেন। হাফিজ বলেন, ‘পত্রিকা খুলবেন এবং দেখতে পারবেন ধর্ষণের পর ধর্ষণ। এটি চালিয়ে যাচ্ছে সোনার ছেলেরা। দেশের প্রতিটি অঞ্চলে এরা ধর্ষণসহ নানা ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছে।’ ‘কেয়ামত পর্যন্ত কি তাদের (ভারতের) ঋণ শোধ করতে হবে’-প্রশ্ন রেখে তিনি বলেন, ‘৭১-এর সময় প্রতিবেশী দেশ আমাদের পাশে দাঁড়িয়েছিল। আমরা অবশ্যই তাদের প্রতি কৃতজ্ঞ এবং ঋণী। কিন্তু এখন যা পরিস্থিতি, তাতে মনে হয় কেয়ামত পর্যন্ত দিলেও তাদের সে ঋণ শোধ হবে না। দেশের প্রবৃদ্ধির পথে প্রতিবেশী রাষ্ট্র এখন যেন বাধা হয়ে দাঁড়িয়েছে।’
মেজর হাফিজ বলেন, ‘রাজনীতিতে এখন মেধাবীদের স্থান নেই, সেহেতু দু’নম্বর লোকের সমাবেশ হয়েছে। বাংলাদেশের রাজনীতিকে আজকে একটি মরুভূমির সঙ্গে তুলনা করা যায়। বাংলাদেশ যেন একটি মরুভূমিতে পরিণত হয়েছে।’ তিনি আরও বলেন, ‘৭১ সালে যুবক তরুণরা মাথা উঁচু করে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। আমরা আশা রাখি, সেই যুবকরাই আবার দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে। এই আধিপত্যবাদের অবসান ঘটাবে। যে লক্ষ্যটি আমরা মুক্তিযুদ্ধ করেছি ইনশাল্লাহ একদিন সে স্বপ্ন পূরণ হবে।’ সভায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘ওরা আমাদের কথা বলাকে ভয় পায়। এটা স্বাভাবিক কিন্তু, কথা বলা কীভাবে ঠেকাবে? বোঝে না বলেই মূর্খরা এভাবে বাধা প্রদান করে। কিন্তু কথাকে কীভাবে দমিয়ে রাখবে তারা?’ সভায় আরও উপস্থিত ছিলেন- গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, বিএনপির যুগ্ম মহাসচিব ও যুবদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুর প্রমুখ।





