ফুলতলা (খুলনা) সংবাদদাতা ॥ ফুলতলায় সুধাংশ বিশ্বাস (৫২) নামে এক নাইট গার্ড সিলিং ফ্যানের সাথে রশি ঝুলিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাতে ফুলতলার চৌদ্দমাইল এলাকায় জয়নাব এক্সাকশন লিমিটেডে। তিনি গোপালগঞ্জ কোটালীপাড়ার বাসিন্দা। পুলিশ জানায়, ফুলতলার চৌদ্দমাইল এলাকায় জয়নাব এক্সাকশন লিমিটেডে নাইট গার্ড হিসাবে সুধাংশ বিশ্বাস চাকুরি করতেন। মিলের মধ্যে একটি ঘরে তিনি একাই থাকতেন। মিলকর্তৃপক্ষ শুক্রবার রাত ১২টার দিকে সিলিং ফ্যানের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ঐ রাতেই ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। শনিবার ময়না তদন্ত শেষে তার স্ত্রী শিপরা বিশ্বাসের নিকট লাশ হস্তান্তর করা হয়। তদন্তকারী কর্মকর্তা এসআই মধুসূধন পান্ডে জানান, সুধাংশ বিশ্বাস আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে সেটি খতিয়ে দেখা হবে। এ ঘটনায় ফুলতলা থানায় অপমৃত্যু মামলা হয়েছে।




