স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তের ইছামতি নদী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ শনিবার ঝিনাইদহ পৌর কবরস্থানে দাফন করা হয়েছে। ঝিনাইদহ আঞ্জুমানে মফিদুল ইসলাম লাশটি দাফনের দায়িত্ব নেয়। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাইদ জানান, বিজিবির দেয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তের ইছামতি নদী থেকে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করা হয়। তিনি আরও জানান, দেশের সীমান্তের ১৫ ফুট ও ভারতের মধ্যকার ১৫ ফুট এলাকায় লাশটি ছিল। অজ্ঞাত ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।





