সাতক্ষীরা সংবাদদাতা॥ সাতক্ষীরায় শিশুকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিন জানান, শনিবার সকালে জেলা শহরের কাটিয়া সরকারপাড়া ও খুলনার লবণচোরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন সাতক্ষীরা শহরের কাটিয়া সরকারপাড়ার আবু বাকর সিদ্দিকের ছেলে আসাদুল (৩২) ও মিকাইল হোসেনের ছেলে মনিরুল ইসলাম শাওন (২৮)। এক সপ্তাহ আগে শহরের কাটিয়াপাড়ার এক হিন্দু ধর্মাবলম্বী শিশুকে অপহরণের অভিযোগে শুক্রবার সাতীরা থানায় মামলার পর পুলিশ তাদের গ্রেফতার করে। পুলিশ কর্মকর্তা সালাহউদ্দিন বলেন, মামলার পর প্রথমে তারা আসাদুলকে গ্রেফতার করেন। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে খুলনার লবণচোরা এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার ও শাওনকে গ্রেফতার করা হয়।শনিবার সন্ধ্যায় আদালতের নির্দেশের আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা সালাহউদ্দিন।





