বিস্ফোরক পরিদপ্তরের সব সেবা এখন অনলাইনে

লোকসমাজ ডেস্ক॥ প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিস্ফোরক পরিদপ্তরের সব সেবা এখন অনলাইন করা হয়েছে। অনলাইনে আবেদন করলে অনলাইনের মাধ্যমেই তার নিষ্পত্তি করা হবে। আজ শনিবার অনলাইনে বিস্ফোরক পরিদপ্তরের অনলাইন সেবা বাস্তবায়ন বিষয়ক কর্মশালার উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রযুক্তিগত পরিবর্তনের সাথে সাথেই অংশীজনদের সম্পৃক্ত করতে হবে। নতুন প্রযুক্তি ব্যবহার বান্ধব হতে হবে। কেননা মানুষ পরিবর্তনকে সহজভাবে গ্রহণ করতে চায় না।
তিনি বলেন, অনলাইন সেবা, সময় ও অর্থের সাশ্রয়ের সাথে সাথে দুর্নীতিও লাগব করবে। অনলাইনে স্বয়ংক্রিয় পদ্ধতিতে লাইসেন্স তৈরি ও নবায়ন করা গেলেও টাইম-লাইন সুস্পষ্ট করা হয়নি। তাছাড়াও তিনি পুরাতন ডাটা ও নথি ডিজিটালাইজড করার নির্দেশনাও প্রদান করেন।
প্রতিমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ে কাজের শুরুতেই আমি বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা অনলাইনে করার চেষ্টা করছি। কিন্তু অনেকেই এই কাজে দেরি করছেন। মানুষ তার সব তথ্য আপনাদের দিয়ে দিচ্ছে। এই তথ্যের গোপনীয়তা নিশ্চিত করার দায়িত্ব বিস্ফোরক পরিদপ্তরের।
বিস্ফোরক পরিদপ্তরের ৮ সেবা এখন অনলাইনে পাওয়া যাবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ টু আই প্রকল্পের সহায়তায় বিস্ফোরক পরিদফতর সফটওয়্যারটি তৈরি করেছে।
বিস্ফোরক পরিদপ্তরের প্রধান পরিদর্শক মঞ্জুরুল হাফিজ বলেন, এই পদ্ধতিতে অনলাইনে আবেদন অনলাইনেই নিস্পত্তি করা যাবে। ড্যাশ বোর্ডের মাধ্যমে আবেদন পড়ে আছে কি না তা মনিটর করতে পারবেন। সাধারণ মানুষ সময় এবং অর্থ সাশ্রয়ী হবে। একবার আবেদন করলে বারবার তার আবেদন করতে হবে না।
বিস্ফোরক পরিদপ্তরের অনলাইন সেবা সমূহ- ১. পেট্রোলিয়াম শ্রেণীর অন্তর্ভুক্ত প্রজ্জ্বলনীয় রাসায়নিক পদার্থ আমদানিকরণের অনাপত্তি, ২. সিলিন্ডার, সিলিন্ডারের ভাল্ভ আমদানিকরণের লাইসেন্স ৩. প্রজ্জ্বলনীয় এবং বিপজ্জনক পদার্থ আমদানিকরণের অনুমতি, ৪. গ্যাসাধার আমদানিকরণের পারমিট, ৫. খনিজ সম্পদ অনুসন্ধানে ব্যবহার্য বিস্ফোরক আমদানিকরণের লাইসেন্স এবং পারমিট, ৬. নবায়ন সংশ্লিষ্ঠ আবেদন সমূহ ৭. পেট্রোলিয়াম শ্রেণীর অন্তর্ভুক্ত প্রজ্জ্বলনীয় তরলপদার্থ আমদানি ও মজুদকরণের লাইসেন্স ৮. স্থলপথে বিস্ফোরক পরিবহণের লাইসেন্স, ৯. সর্বসাধারণের প্রদর্শনের জন্য আতশবাজির লাইসেন্স, ১০. এলপিজি মজুদকরন অথবা মজুদ ও সিলিন্ডারে উক্ত গ্যাস ভর্তি করার জন্য লাইসেন্স, ১১. বিস্ফোরক ব্যবহারের জন্য স্বল্প মেয়াদে বা স্থায়ীভাবে ম্যাগাজিনে বা বাঙ্কারে বিস্ফোরক অধিকারে রাখার লাইসেন্স, ১২. জলপথে বা আকাশপথে বিস্ফোরক পরিবহনের লাইসেন্স, ১৩. গ্যাসাধারে গ্যাস (এলপিজি ) মজুদকরণের লাইসেন্স, ১৪. পরিবহন যানে গ্যাসপূর্ণ (এলপিজি ব্যতিত অনন্য গ্যাস) আধার পরিবহনের লাইসেন্স ১৫. পরিবহণ যানে এলপিজি পূর্ণ আধার পরিবহণের লাইসেন্স ১৬. মোটর যানের জ্বালানি হিসাবে সরবরাহের উদ্দেশ্য ট্যাঙ্কে পেট্রোলিয়াম মজুদের লাইসেন্স ১৭. নদী পথে (জলযানে ) ট্যাঙ্কারে পেট্রোলিয়াম পরিবহনের লাইসেন্স ১৮. সড়ক পথে ট্যাঙ্কারে পেট্রোলিয়াম পরিবহনের লাইসেন্স।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে এ টু আই প্রকল্পের পরিচালক আব্দুল মান্নান ও প্রধান বিস্ফোরক পরিদর্শক মো. মঞ্জুরুল হাফিজ সংযুক্ত থেকে বক্তব্য দেন।

ভাগ