লোকসমাজ ডেস্ক॥ বাফুফে নির্বাচনের আগের রাতে নিজেকে সমন্বয় পরিষদের সভাপতি প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন বাদল রায়। ব্যক্তিগত ফেসবুক ওয়ালে নিজেকে সভাপতি রেখে তিনি একটি প্যানেলও প্রকাশ করেছেন। সিনিয়র সহসভাপতি প্রার্থী শেখ মোহাম্মদ আসলামের নেতৃত্বে বৃহস্পতিবার সমন্বয় পরিষদের যে প্যানেল ঘোষণা করা হয়েছিল, সেখানে তিনটি পরিবর্তন এনেছেন বাদল রায়। এ প্যানেল আগে সভাপতি শূন্য ও একজন সহসভাপতি প্রার্থী কম থাকলেও বাদল রায় তা পূরণ করেছেন। নিজেকে সভাপতি ও চতুর্থ সহসভাপতি হিসেবে সালাউদ্দিনের প্যানেলের ইমরুল হাসানকে রেখেছেন।
এ ক’দিন নির্বাচনী প্রচারনার ধারে কাছেও ছিলেন না বাদল রায়। সমন্বয় পরিষদের প্যানেল ঘোষনায় ছিল না তার নাম। এমনকি ইশতেহার ঘোষনার সময়েও ছিলেন না বাদল রায়। হঠাৎ বাদল রায় বাফুফের নির্বাচনের মাঠ গরম করেছেন। বাফুফে নির্বাচনের আগের রাতে নিজেকে সমন্বয় পরিষদের সভাপতি প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন বাদল রায়। ব্যক্তিগত ফেসবুক ওয়ালে নিজেকে সভাপতি রেখে একটি প্যানেলও প্রকাশ করেছেন।
সদস্য পদে সমন্বয় পরিষদের দুইজনকে বাদ দিয়ে কাজী মো. সালাউদ্দিনের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ থেকে হারুনুর রশিদ ও সত্যজিৎ দাশ রুপুকে রেখেছেন বাদল রায়। এই দুইজনকে রেখে তিনি প্যানেল থেকে বাদ দিয়েছেন পটুয়াখালীর আমিনুল হক মামুন ও বরিশাল সোনালী অতীত ক্লাবের মনজুরুল আহসানকে। সমন্বয় পরিষদে সিনিয়র সহ-সভাপতি থেকেই যে প্যানেল ছিল সেটি পরিবর্তন করা হয়েছে। বাদল রায় নিজের প্যানেল ঘোষণার পর থেকে ফোনে বিভিন্ন কাউন্সিলরের কাছে সভাপতি পদে নিজের জন্য ভোট চাচ্ছেন বলে অনেক কাউন্সিলর নিশ্চিত করেছেন।





