লোকসমাজ ডেস্ক॥ করোনাভাইরাস পজিটিভ হওয়ায় গত মাসের আন্তর্জাতিক বিরতিতে ফ্রান্সের স্কোয়াডে ছিলেন না পল পগবা। তবে প্রাণঘাতী ভাইরাস থেকে পুরোপুরি সেরে ওঠায় আবারও জাতীয় দলে ফিরেছেন ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার। তাকে নিয়ে কোচ দিদিয়ের দেশমের ঘোষিত ২৪ জনের স্কোয়াডে নতুন মুখ আর্সেনালের ‘টার্গেট’ মিডফিল্ডার হুসেম আওয়া। অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে তিনটি ম্যাচ খেলবে ফ্রান্স। ইউক্রেনের বিপক্ষে প্রীতি ম্যাচের পর উয়েফা নেশনস লিগে মুখোমুখি হবে পর্তুগাল ও ক্রোয়েশিয়ার। এই ম্যাচগুলোর জন্য ঘোষিত স্কোয়াডে দেশম ফিরিয়েছেন পগবাকে। করোনা থেকে সুস্থ হয়ে ম্যানইউ মিডফিল্ডার ফেরায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের শক্তি আরও বাড়লো। সেই সঙ্গে মাঝমাঠে যোগ করা হয়েছে আওয়ার মতো তরুণকেও। ফ্রান্স দলে আরও ফিরেছেন বায়ার্ন মিউনিখের বেনজামিন পাভার্দ, করেতিঁ তোলিসো ও কিংসলে কোমান। তিনজনই গত মাসের স্কোয়াডে ছিলেন না। ব্যাভারিয়ানদের হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতার পর তাদের বিশ্রাম দিয়েছিলেন দেশম। স্কোয়াডে প্রত্যাশামতোই আছেন আতোঁয়া গ্রিজমান ও কিলিয়ান এমবাপ্পে। তবে জায়গা হয়নি রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার ফের্নান্ড মেঁদি ও টটেনহাম মিডফিল্ডার মুসা সিসোকোর।
স্কোয়াড:
গোলরক্ষক: উগো লরি, স্তিভ মঁদঁদা, মাইক ম্যাইগোঁ; ডিফেন্ডার: লুকাস দিনিয়ে, লিও দুবোইস, লুকাস এর্নান্দেস, প্রিসনেল কিম্পেম্বে, ক্লিমেন্ত লংলে, বেনজামিন পাভার্দ, রাফায়েল ভারান, দায়োত উপামেকাও; মিডফিল্ডার: এনগোলো কঁতে, পল পগবা, করেতিঁ তোলিসো, স্টিভেন জনজি, আদ্রিয়েন রাবিয়োট, এদুয়ার্দো কামাভিঞ্জা; ফরোয়ার্ড: উইসাম বেন ইয়েদের, কিংসলে কোমান, অভিয়ের জিরু, আতোঁয়া গ্রিজমান, কাইলিয়ান এমবাপে, আন্থোনি মার্সিয়াল, হুসেম আওয়ার।





