স্টাফ রিপোর্টার ॥ যশোরের বাঘারপাড়া উপজেলায় সর্প দংশনে গতকাল সকালে সুমাইয়া খাতুন (৬) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ভোটে ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় তাকে বিষধর সাপে দংশন করে। সকালে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করার পর তার মৃত্যু হয়। সুমাইয়া খাতুন বাঘারপাড়া উপজেলার তৈলকুপ গ্রামের আব্দুর রশিদের কন্যা। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী। আব্দুর রশিদ জানিয়েছেন, ঘরের ভেতর পালঙ্গের উপর সামিয়া খাতুন ঘুমিয়ে ছিল। জানালা ছিল খোলা। ফজরের আজানের পর একটি বিষধর সাপ জানালার ফাঁক দিয়ে ঘরে প্রবেশ করে এবং সামিয়া খাতুনকে দংশন করে। স্থানীয়ভাবে চিকিৎসা করানোর পর কোন উন্নতি না হওয়ায় তাকে কাল সকাল ৮টা ৫৫ মিনিটে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বেলা ১০টা ১০ মিনিটে তার মৃত্যু হয়। আব্দুর রশিদ জানিয়েছেন, হাসপাতালে আনতে তাদের দেরি হয়ে গেছে। জানা গেছে, যশোর ২৫০ শয্যা হাসপাতালে সর্প দংশনে আক্রান্তদের চিকিৎসায় যথেষ্ট ভ্যাকসিন রয়েছে। দংশনের ১শ’ মিনিটের ভেতর হাসপাতালে এনে চিকিৎসা দিতে পারলে শতকরা ৮০ ভাগ রোগী আরোগ্য লাভ করতে পারে বলে জানিয়েছেন চিকিৎসা বিশেষজ্ঞগণ।




