এইচ. এম শফিউল ইসলাম, কপিলমুনি (খুলনা) ॥ শীত মৌসুমে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ার জন্য ব্যাপক প্রস্তুতি চলছে খুলনার পাইকগাছার জেলে পল্লীগুলোতে। এখানে নতুন ট্রলার তৈরি এবং পুরাতন ট্রলার মেরামত, জাল বুনা ও জাল শুকানোর ধুম পড়ে গেছে। জেলে পল্লীর নারী-পুরুষ ও শ্রমিকরা সুন্দরবনের দুবলার চরে যাওয়ার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র গোছাতে ব্যস্ত দিন কাটাচ্ছেন।
পাইকগাছা উপজেলার বোয়ালিয়া, হিতামপুর, মাহমুদকাটী, নোয়াকাটি, কপিলমুনি, কাটিপাড়া, রাড়–লী, শাহাপাড়া, বাঁকাসহ বিভিন্ন গ্রামের জেলে পল্লী থেকে অন্তত আড়াই’শ ট্রলার সমুদ্রে মাছ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে। নতুন ট্রলার তৈরি, পুরাতন ট্রলারগুলো সংস্কার, জাল বুনা, লোহার নোঙ্গর/গ্রাফি, ট্রলারে রং করা, জালে গাবের রস লাগানোসহ সমুদ্রে যাওয়ার বিভিন্ন কাজকর্ম নিয়ে জেলে পল্লীর নারী-পুরুষরা ব্যস্ত সময় পার করছেন। বোয়ালিয়া মালোপাড়া ঘুরে দেখা যায়, জেলেপাড়ার নারী-পুরুষ সকলেই সমুদ্রে মাছ ধরতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এখানে ২২টির মত নতুন ট্রলার তৈরি করার কাজ চলছে। কারিগররা দিন রাত ট্রলার তৈরির কাজে নিয়োজিত রয়েছেন। মালোপাড়ার অশোক বিশ্বাস, রনজিত বিশ্বাস, সঞ্জয় বিশ্বাস, মনোরঞ্জন বিশ্বাস, প্রদীপ বিশ্বাস, জয়দেব বিশ্বাস, কেনা বিশ্বাস, শংকর বিশ্বাস, অমল বিশ্বাস, পঙ্কজ বিশ্বাসসহ আরো অনেকে নতুন ট্রলার তৈরি করছেন। মেরামতের কাজ চলছে বিশ্বজিৎ বিশ্বাস, দিপংকর বিশ্বাস, সিতেরাম বিশ্বাস, তাপস বিশ্বাস, বিশ্ব বিশ্বাস, সুবোল বিশ্বাস, সুজন, দয়াল মন্ডলের ট্রলার। কিছুদিনের মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হলে তারা রওয়ানা হবেন সাগরের পথে।




