খুলনা ব্যুরো ॥ খুলনায় রাষ্ট্রায়ত্ত ২৫টি পাটকল চালু, অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পাওনা পরিশোধসহ ১৪ দফা দাবিতে জেলা প্রশাসক (ডিসি) অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ। নগরীতে পদযাত্রা শেষে রবিবার দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়। এ সময় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সমাবেশ করে সংগঠনটির নেতারা।
সমাবেশে বক্তারা পাটকলের লোকসানের জন্য বাংলাদেশ জুট মিলস করপোরেশনকে (বিজেএমসি) দায়ী করে বলেন, সংস্থাটির অব্যাহত দুর্নীতি ও লুটপাটের কারণে পাটকলগুলো লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। মিলগুলোর আধুনিকীকরণ করা হয়নি। অথচ পাটকলগুলো বন্ধ করে দিয়ে হাজার হাজার শ্রমিককে পথে বসিয়ে দেয়া হচ্ছে। আর লুটেরাদের হাতে হাজার হাজার কোটি টাকার পাটকলগুলো তুলে দেওয়ার চক্রান্ত চলছে। শ্রমিকরা শাস্তি পেলেও বিজেএমসির দুর্নীতিবাজ কর্মকর্তারা বহাল তবিয়তে রয়েছেন। পরিষদের নেতারা সরকারি ব্যবস্থাপনায় মিলগুলো আধুনিকীকরণ ও দ্রুত চালুর জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সমাবেশে সভাপতিত্ব করেন পাটকল রায় সম্মিলিত নাগরিক পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট কুদরত-ই-খুদা। বক্তৃতা করেন, খুলনা জেলা সিপিবির সভাপতি ডা. মনোজ দাস, নাগরিক সমাজের আহ্বায়ক মুক্তিযোদ্ধা আ ফ মহসিন, এইচ এম শাহাদাৎ, বাসদের জনার্দন দত্ত নান্টু, ইউনাইটেড কমিউনিস্ট লীগের মোস্তফা খালিদ খসরু, গণসংহতি আন্দোলন খুলনা জেলা কমিটির আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল, সিপিবির মহানগর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাবুল হাওলাদার প্রমুখ।




