স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখার উদ্যোগে ‘নারীর প্রতি অব্যাহত সহিংসতা, নারী হত্যা, ধর্ষণ বন্ধ কর’ সাভারের নীলা রায় হত্যা, খাগড়াছড়ির প্রতিবন্ধী আদিবাসী কিশোরকে ধর্ষণের প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবিতে রবিবার বেলা ১১ টায় প্রেস কাব যশোরের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি সারা দেশব্যাপী একযোগে একই সময়ে অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য হাবিবা শেফা।
এসময় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির যশোর জেলার সভাপতি হারুন অর রশিদ, যশোর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম তারু, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির যশোর জেলার সভাপতি অ্যাড. মো. আবুল হোসেন, আইইডি এর ব্যবস্থাপক বীথিকা সরকার, বিবর্তন এর সভাপতি সানোয়ার আলম খান দুলু, তির্যক যশোরের সহ-সভাপতি আনিসুজ্জামান পিন্টু, প্রথম আলো যশোর বন্ধুসভার সভাপতি মোয়াজ্জেম হোসেন মঞ্জু, উদীচী শিল্পী গোষ্ঠী যশোর জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক কাজী শাহেদ নওয়াজ, যশোর সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি প্রণব দাস, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখার লিগ্যাল এইড সম্পাদক কামরুন নাহার কনা ও জেলা কার্যকরী কমিটির সাংগঠনিক সম্পাদক ফারদীনা রহমান অ্যানি। বক্তারা বলেন, বর্তমানে দেশের নানা স্থানে নারী ও শিশুর প্রতি যৌন সহিংসতার ঘটনা দিনদিন বেড়েই চলেছে। সম্প্রতি মানিকগঞ্জ জেলার বালিরটেক এলাকার নারায়ণ রায়ের মেয়ে নীলা রায় সাভার পৌর এলাকার ব্যাংক কলোনির অ্যাসেড স্কুলের দশম শ্রেণিতে পড়ত। পৌর এলাকার কাজী মোকমা পাড়ার এক বাড়িতে তারা ভাড়া থাকত। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় সাভার পৌরসভার পালপাড়া এলাকায় নীলাকে ছুরি মেরে হত্যা করা হয়। খাগড়াছড়ির আদিবাসী প্রতিবন্ধী কিশোরীকে গণধর্ষণ করা হয়েছে। অব্যাহত নারী-শিশু নির্যাতন, ধর্ষণ, খুনের ঘটনা বেড়েই চলেছে। নারীর প্রতি এসব সহিংসতা বন্ধে সামাজিক প্রতিরোধসহ আইনের সঠিক প্রয়োগে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আইন-শৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও রাষ্ট্রকে এগিয়ে আসার আহ্বান জানান। ধর্ষকদের সর্ব্বোচ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন বক্তারা।





