তালা (সাতীরা) সংবাদদাতা ॥ তালায় কেন্দ্রীয় পানি কমিটির ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শিশুতীর্থ কিন্ডার গার্টেন স্কুলে সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন উত্তরণের প্রকল্প সমন্বয়কারী জাহিন শামস্ স্বাক্ষর, কেন্দ্রীয় পানি কমিটি নেতা অ্যাড. কামরুজ্জামান, অধ্যাপক হাসেম আলী ফকির, বিষ্ণুপদ দত্ত, শেখ সেলিম আকতার স্বপন, অধ্যক্ষ আব্দুল মতলেব প্রমুখ। সভায় এলাকার বিভিন্ন নদ নদীর বর্তমান পরিস্থিতি, কপোতাক্ষ নদ খনন প্রকল্প দ্বিতীয় পর্যায়ে অনুমোদন, শালতা নদী খননের বর্তমান পরিস্থিতি, সাতক্ষীরা শহরের জলাবদ্ধতা, আশাশুনী, পাইকগাছা ও কয়রা এলাকার ষাটের দশকে নির্মিত বাঁধের দুরবস্থা, বেতনা, মরিচ্চাপ, হরি, শিবসা, হামকুড়া, ঘ্যাংরাইলসহ বিভিন্ন নদীর পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট নদী অববাহিকায় সরকারি প্রকল্প বাস্তবায়নে পানি কমিটির নেতৃবৃন্দ সর্বাত্মক সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন।





