নড়াইল সংবাদদাতা ॥ নড়াইলে পূজার পোশাক পছন্দ না হওয়ায় মিতু দাস (১৫) নামে দশম শ্রেণীর এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইলিয়াস হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। মিতু সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের বোড়াবাদুড়িয়া গ্রামের রতন দাসের মেয়ে। পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, আসন্ন শারদীয়া দূর্গাপূজা উপল্েয বৃহস্পতিবার মিতুর জন্যে তার বাবা একটি থ্রি-পিস কিনে আনেন। থ্রি-পিসের জামার কাপড়ের একটি অংশে কাটা থাকায় মিতু সেটি অপছন্দ করে। শুক্রবার বাজার থেকে ওই থ্রি-পিসটি পাল্টিয়ে অন্য মডেলের একটি থ্রি-পিস এনে দেয় তার অভিভাবক কিন্তু সেটি অন্য মডেল হওয়ায় সে নতুন করে বায়না ধরে। এতে তার বাবা বকাবকি করলে সে ঘরের আড়ার সাথে গলায় শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে। টের পেয়ে পরিবারের লোকজন তাকে মুমূুর্ষু অবস্থায় উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মিতুকে মৃত ঘোষণা করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইলিয়াস হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।




