বেনাপোলে ভারতীয় ট্রাকচালকরা নিয়ে আসছে মাদক, নিয়ে যাচ্ছে ডিজেল

শার্শা(যশোর)সংবাদদাতা ॥ বেনাপোল স্থল বন্দরে ভারতীয় ট্রাক চালকরা সাথে করে নিয়ে আসছে অবৈধ টায়ার ও ফেনসিডিল এবং নিয়ে যাচ্ছে ডিজেল। ট্রাকচালকদের মাধ্যমে এভাবে চোরাকারবারী হচ্ছে স্থল বন্দরে। পুলিশ বলছে ,বিষটি জানা নেই। খোঁজ নেয়া হবে। স্থল বন্দরের একাধিক সূত্রে জানা গেছে, ভারতীয় ট্রাকচালকরা বাংলাদেশে আমদানি পণ্য আনার সময় পুরাতন টায়ারের পরিবর্তে নতুন টায়ার নিয়ে আসছে। এরপর ওই নতুন টায়ার বাংলাদেশে বিক্রি করছে। এছাড়া বন্দরের প্রধান সড়কের ছোটআঁচড়ার মোড় ও বেনাপোল বাইপাস সড়কে ডিজেল পাচার চক্র অবস্থান করে। ডিজেল পাচারকারীরা স্থানীয় ফিলিংস্টেশন থেকে ডিজেল সংগ্রহ করে। এরপর ভ্যান যোগে তা নিয়ে বন্দর এলাকায় সংরক্ষণ করে ভারতীয় ট্রাকচালকদের কাছে বিক্রি করে।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের চোখের সামনে এমন ঘটনা ঘটলেও প্রশাসনকে কান পদক্ষেপ নিতে দেখা যায়নি।
আরো অভিযোগ রয়েছে অনেক ভারতীয় চালকরা তাদের গাড়িতে করে ফেনসিডিলসহ অনেক ধরনের মাদকদ্রব্যও বহন করে এবং গোপনে অতি সহজে বেনাপোলের মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে।
বাংলাদেশি ট্রাক চালক আব্দুল হামিদ জানান, অনেকে ভারতীয় চালকদের কাছ থেকে টায়ার ক্রয় করে। বাংলাদেশে দাম বেশি বলে ভারতীয় চালকরা এভাবে লাভে করে টায়ার বিক্রি করে। অপরদিকে বেনাপোল বন্দরের চা দোকানি শহিদুল হক জানান, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার লিটার ডিজেল ভারতীয় চালকদের কাছে বিক্রি হয়। একটি চোরাচালানি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে এ ডিজেল বিক্রির সাথে জড়িত। তিনি বলেন প্রশাসনের সাথে ডিজেল বিক্রেতাদের যোগাযোগ রয়েছে। বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান বলেন, এ বিষয়টি জানা নেই। অবশ্যই অনুসন্ধান করে সত্যতা মিললে ব্যবস্থা নেয়া হবে।

ভাগ