লোহাগড়ায় যৌতুক না পেয়ে দু’ সন্তানসহ স্ত্রীকে বিতাড়ন

শিমুল হাসান,লোহাগড়া(নড়াইল)॥ যৌতুকের দাবিকৃত দুই লাখ টাকাসহ মোটরসাইকেল না পাওয়ায় স্ত্রীকে মারপিট করে দুই জমজ কন্যাসহ তাড়িয়ে দিয়েছেন মুফতি ইমরান হুসাইন(২৭)। নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের লুটিয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় লোহাগড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার অভিযোগ থেকে জানা যায়, কালিয়া উপজেলার কালডাঙ্গা গ্রামের আলা উদ্দিন মুন্সীর ছেলে মুফতি ইমরান হুসাইনের সাথে ২০১৮ সালের ২ নভেম্বর লোহাগড়ার লুটিয়া গ্রামের তছলিম উদ্দিনের মেয়ে দাওরা হাদিস পাশ ফাতিমা খানমের(২১) বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে দুটি জমজ কন্যা সন্তানের জন্ম হয়। কন্যা দুটির নাম হাবিবা ও মাহবুবা। তাদের বয়স এখন ১৪ মাস ।
ফাতিমার পিতা জানান, বিয়ের সময় আমার পরিবারকে চাপে ফেলে স্বর্ণসহ মূল্যবান আসবাবপত্র আদায় করে নেয় ছেলের পরিবার। এরপর থেকে আবারো দুই লাখ টাকা ও মোটরসাইকেল দাবি করেন তার মেয়ের স্বামী। কিন্তু তারা পরিবার যৌতুক দিতে অস্বীকৃতি জানান। এত ক্ষিপ্ত হয়ে মাঝে মাঝে ফাতেমার স্বামীসহ শ^শুর বাড়ির লোকজন ফাতিমার উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। এক পর্যায়ে যৌতুক না পেয়ে স্ত্রী ও শিশু কন্যা ফেলে ইমরান নিরুদ্দেশ হন এবং ফোনে আবারো বিয়ে করবার হুমকি দেন স্ত্রীকে।
সূত্র মতে, গত কয়েকমাস আগে মুফতি ইমরান বাড়ি ফিরে স্ত্রীকে মারপিট করে পিতার বাড়িতে তাড়িয়ে দিলে ফাতিমার পিতা পুলিশের সহযোগিতায় নিয়ে ফাতিমার কন্যা দুটিকে উদ্ধার করেন। সর্বশেষ গত ২৪ আগস্ট বিকালে মুফতি ইমরানসহ তার পরিবারের লোকজন ফাতিমাকে নিতে লুটিয়া গ্রামে আসলে আবারো ২ লাখ টাকা ও মোটরসাইকেল দাবি করেন। যৌতুক দিতে অস্বীকৃতি জানালে মুফতি ইমরানসহ তার লোকজন ফাতিমাকে মারপিট করে হত্যার চেষ্টা করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন ফাতিমাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে চিকিৎসা দেয়। বিষয়টি জানতে ইমরানের সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান জানান, এ ঘটনায় ফাতিমা খানম বাদি হয়ে যৌতুক ও নারী নির্যাতন দমন আইনে গত শুক্রবার রাতে মামলা দায়ের করেছেন। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

ভাগ