ইকবাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন : ট্রাইব্রেকারে যশোরের পশ্চিমার শুভ সূচনা

খাজুরা (যশোর) সংবাদদাতা ॥ বাঘারপাড়ার খাজুরার পাঠান পাইকপাড়া আদর্শ সমাজ কল্যাণ সমবায় সমিতির আয়োজনে ১৬ দলীয় ইকবাল স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। গতকাল যশোরের খাজুরার পাঠান পাইকপাড়া স্কুল মাঠে উদ্বোধনী খেলা দেখতে আসে শত শত দর্শক। বিকেল ৩টায় জাতীয় সংগীতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। এ সময় পতাকা উত্তোলন করা হয়। বঙ্গবন্ধু ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন শেষে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি বন্দবিলা ইউপি চেয়ারম্যান সবদুল হোসেন খান। ইউপি সদস্য মোক্তার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঠান পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তর কুমার সেন, মুক্তিযোদ্ধা আব্দুর রউফ খান, সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম, আদর্শ সমাজ কল্যাণ সমবায় সমিতির সম্পাদক খাইরুল হাসান হীরা প্রমুখ। বিকেল সাড়ে ৩টার সময় রেফারি মোস্তাফিজুর রহমানের বাঁশিতে উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে মাগুরার গোপাল ইয়াং ফুটবল একাদশ ও যশোরের বাঘারপাড়ার পশ্চিমা ফুটবল একাদশ। খেলায় গোপাল দলের মিনারুল ও জয় ১টি করে এবং পশ্চিমা দলের সাদ্দাম ও সাজিদ ১টি করে গোল করে। নির্ধারিত সময় শেষে ২-২ গোলে অমিমাংসিত হলে খেলা ট্রাইব্রেকারে গড়ায়। এতে উভয় দলই নির্ধারিত ৫টি গোল করায় পরে ১-০ গোলে গোপাল ইয়াং ফুটবল একাদশকে হারায় পশ্চিমা ফুটবল একাদশ। আগামী সোমবার নির্ধারিত সময়ে একই ভ্যেনুতে টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় মাগুরার সিংড়া ও যশোরের বাঘারপাড়ার খানপুর ফুটবল একাদশ প্রতিদ্বন্দ্বিতা করবে।

ভাগ