রক্ষণাবেক্ষণর অভাবে রাস্তা বিলীন হচ্ছে পুকুরের ভাঙনে

স্টাফ রিপোর্টার ॥ ঝিনাইদহে এলজিইডির রাস্তা নির্মাণের পর রক্ষণাবেক্ষণর অভাবে অল্প দিনে ভেঙে বিলীন হচ্ছে। জেলার ৬ উপজেলার বহু রাস্তা পুকরের পাশ দিয়ে নির্মিত। প্রথম ২/১ বছর ভাল থাকলেও পুকুরের ভাঙন শুরু হলে ধীরে ধীরে রাস্তাগুলো পুকুরে বিলীন হয়। এলজিইডির প্রকৌশলীরা বলছেন, গ্রামীণ এ সব রাস্তা তৈরির পর টিআর কাবিখার আওতায় ইউপি চেয়ারম্যানদের রক্ষনাবেক্ষণের বিধান রয়েছে। গ্রামীণ রাস্তার ভাঙন রোধে সরকারি কোনো অর্থ বরাদ্দ থাকে না। ফলে এলাকার চেয়ারম্যানদেরকেই রাস্তার ভাঙন রোধে ব্যবস্থা নিতে হয়। কিন্তু বেশির ভাগ চেয়ারম্যানই এ ব্যাপারে উদাসীন। ঝিনাইদহের সদর উপজেলার হলিধানী থেকে খাড়াগোদা ভায়া বাজারগোপালপুর রাস্তার বিভিন্ন স্থানে পুকুর রয়েছে। এ সব পুকুরের মধ্যে রাস্তাগুলো ভেঙে যাচ্ছে। সদরের বংকিরা স্কুল মোড় থেকে হাজরা গ্রাম পর্যন্ত ও বংকিরা গ্রামের মাহবুব মাস্টারের বাড়ির কাছের রাস্তা পুকুরে বিলীন হয়ে গেছে। আসাননগর গ্রামের মধ্যেও তমরেজের বাড়ির কাছের রাস্তা ভেঙে পুকুরে পড়েছে। এ ভাবে জেলার বিভিন্ন উপজেলার গ্রামীণ রাস্তা ভেঙে পুকুরে বিলীন হচ্ছে বলে অভিযোগ। হলিধানী গোপালপুর সড়কে প্রতিদিন শ শ ছোট বড় যানবাহন মৃত্যু ঝুঁকি নিয়ে চলাচল করছে। হলিধানীর মেম্বর তাইজুল ইসলাম জানান, ব্যস্ত এই রাস্তাটি খানাখন্দে ভরপুর। বিশেষ করে হলিধানী মাদ্রাসার পুকুরে রাস্তাটি বিলীন হয়ে যাচ্ছে। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে মানুষ। হলিধানী ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান মতি দ্রুত রাস্তাটি সংস্কারের জন্য কর্তৃপরে কাছে দাবি জানিয়েছেন।

ভাগ