খুলনায় চূড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে মহসেন জুট মিল শ্রমিকদের গণমিছিল ও পদযাত্রা

খুলনা ব্যুরো ॥ খুলনায় চূড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে গণমিছিল ও পদযাত্রা কর্মসূচি পালন করেছেন মহসেন জুট মিলের শ্রমিক-কর্মচারীরা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগরীর শিরোমণি শিল্পাঞ্চলের ব্যক্তিমালিকানাধীন মহসেন জুট মিলের প্রধান ফটকের সামনে থেকে এ পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি সোনালি জুট মিলের সামনে ও খুলনা-যশোর মহাসড়কের ফুলবাড়ী গেট এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনতা মার্কেটের সামনে পথসভা করে। পথসভায় সভাপতিত্ব করেন ব্যক্তি মালিকানাধীন পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি ও সোনালি জুট মিল সিবিএ’র সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন। নেতৃবৃন্দ অবিলম্বে শ্রমিকদের চূড়ান্ত পাওনা পরিশোধের দাবি জানান।
সভায় বক্তৃতা করেন, ব্যক্তিমালিকানাধীন পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক ও মহসেন জুট মিলের সাবেক সিবিএ সাধারণ সম্পাদক খান গোলাম রসুল, ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ও অ্যাজাক্স জুট মিলের সিবিএ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, শ্রমিকলীগ নেতা ও ফেডারেশনের সহসাধারণ সম্পাদক লিয়াকত মুন্সি প্রমুখ। এ সময় খুলনা বিভাগীয় শ্রম পরিচালক মিজানুর রহমান শ্রমিক নেতাদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলে আন্দোলনরত বয়োবৃদ্ধ মুক্তিযোদ্ধাসহ শ্রমিক-কর্মচারীদের কর্মসূচি সংক্ষিপ্ত করে বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ করেন। শ্রম পরিচালকের আশ্বাসে শ্রমিকরা দুপুরে তাদের কর্মসূচি শেষ করেন। উল্লেখ্য, মহসেন জুট মিলের ৩৪৭ জন শ্রমিক ও ৫০ জন কর্মচারীর মোট পাওনা ১০ কোটি ৬০ লাখ টাকা। ২০১৪ সালে মিলটি স্থায়ীভাবে বন্ধ হয়। এর আগে, ২০১৩ সালের ১৯ জুলাই এক দাফতরিক আদেশের মাধ্যমে মিলটি লে-অফ ঘোষণা করে কর্তৃপক্ষ। শ্রম আইন অনুযায়ী, ৩০ কার্যদিবসের মধ্যে শ্রমিক-কর্মচারীকে ক্ষতিপূরণ, লে-অফ বেনিফিট, গ্র্যাচুইটির পাওনাদি পরিশোধের কথা থাকলেও দীর্ঘ ছয় বছরেও তা করা হয়নি।

ভাগ