সৌদিতে রোহিঙ্গাদের পাসপোর্টের বিষয়ে মিয়ানমারে যোগাযোগের পরামর্শ বাংলাদেশের

লোকসমাজ ডেস্ক॥ সৌদি আরবে অবস্থিত ৫৪ হাজার রোহিঙ্গার পাসপোর্টের বিষয়ে সৌদি সরকারকে মিয়ানমারের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তার দফতরে সাংবাদিকদের একথা বলেন। তিনি বলেন, ‘আমরা বলেছি, তোমরা বরং মিয়ানমারকে আগে বলো। সৌদি আরব জানে রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক। স্বাভাবিকভাবে আমরা তাদের বলেছি, তোমরা মিয়ানমারকে আগে বলো।’ পররাষ্ট্রমন্ত্রী চলমান এই সংকটের বিষয়ে বলেন, ‘৩০-৪০ বছর আগে তৎকালীন সৌদি বাদশা ঘোষণা করেন, রোহিঙ্গাদের তিনি তার দেশে আশ্রয় দেবেন। অনেক রোহিঙ্গা তখন সৌদি আরবে যায়। কিন্তু তাদের কোনও পাসপোর্ট নেই। এখন সৌদি আরব বলছে, তাদের দেশে তারা কোনও রাষ্ট্রহীন ব্যক্তিকে রাখে না। তারা বলছে, রোহিঙ্গারা অনেকেই বাংলাদেশ থেকে এসেছে। এ কারণে বাংলাদেশকে ওইসব রোহিঙ্গার পাসপোর্ট দিতে বলে তারা। আমরা বলেছি যে, আগে কখনও ওদের পাসপোর্ট দেওয়া হয়েছে এবং তারা যদি এমন প্রমাণাদি দেখাতে পারে যে, তারা কখনও বাংলাদেশে ছিল, কেবল তাহলেই তাদের পাসপোর্ট ইস্যু করবো।’ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘তারা (সৌদি আরব) বলেছে, পাসপোর্ট ইস্যুর অর্থ এই নয় যে, তাদের আমরা বিতাড়িত করবো। যেহেতু আমরা কোনও স্টেটলেস লোক রাখি না, সেজন্য তাদের পাসপোর্ট দরকার। এ অবস্থায় আমাদের আলোচনা হচ্ছে।’ রোহিঙ্গাদের পাসপোর্ট না দিলে সৌদি থেকে অন্য বাংলাদেশিদের ফেরত পাঠানো প্রসঙ্গে তিনি বলেন, ‘দুষ্টু প্রকৃতির লোক সব জায়গায় আছে। লোয়ার লেভেলের লোকেরা উস্কানি দেয়।’ সাত বছর পর বাংলাদেশ থেকে লোক যাচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘এজন্য বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী দেশগুলো অসন্তুষ্ট। তারা বিভিন্ন ধরনের চেষ্টা চরিতার্থ চালিয়ে যাচ্ছে।’
আকামার মেয়াদ বৃদ্ধি
মন্ত্রী বলেন, ‘সৌদি আরব লিখিতভাবে জানিয়েছে, বাংলাদেশিদের জন্য আকামার সময় ২৪ দিন বাড়ানো হয়েছে ‘ তিনি বলেন, ‘আমরা দুশ্চিন্তায় ছিলাম। অনেকের চাকরি বা ব্যবসার সমস্যা হওয়ার আশঙ্কা ছিল। সৌদি সরকারের সঙ্গে অনেক দেন-দরবার করেছি। কিন্তু কোনও সুফল পাইনি। তবে বুধবার (২৩ সেপ্টেম্বর) ভালো খবর পেয়েছি।’ বুধবার এক বৈঠকে অনেক সিদ্ধান্ত হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘সৌদি এয়ারলাইন্স বাংলাদেশে আসতে চাইছিল। কিন্তু যেহেতু বিমানকে অনুমতি দেয়নি, সেজন্য বিমান মন্ত্রণালয় তাদের বাদ দিয়েছিল। আমরা বৈঠকে বললাম, এটি বড় বিষয় না।’ তারা যখন সময় হবে, তখন বিমানকে ল্যান্ডিংয়ের পারমিশন দেবে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, ‘যেহেতু সাউদিয়া এয়ারলাইন্সের ফাইট আসলে আমাদের লোকেরা যাবে। সিদ্ধান্ত নিলাম তাদেরকে আসতে দেবো।’ এছাড়া বিমানের ফাইট ১ অক্টোবর থেকে চালু হবে এবং এর মধ্যে যাদের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, তারা রবিবার (২৭ সেপ্টেম্বর) থেকে সৌদি দূতাবাসের মাধ্যমে ভিসা নবায়ন করতে পারবেন বলে জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের টিকিট বা ভিসা আনতে গেলে শৃঙ্খলা মেনে চলার অনুরোধ করেন। একইসঙ্গে আগামী অক্টোবর থেকে ওমানে বাংলদেশিরা যেতে পারবেন বলেও জানান মন্ত্রী।

ভাগ