মেহেরপুর সংবাদদাতা॥ মেহেরপুরের গাংনীতে পানিতে ডুবে আসিফ হোসেন (১২) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ধানখোলা ইউনিয়নের আজান গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, বুধবার সকাল ১০টায় স্থানীয় হায়দার আলীর পুকুরে অন্য লোকজনের সঙ্গে আসিফ মাছ ধরছিল। কোনও এক সময় সে পুকুরে পড়ে যায়। পুকুরটি গভীর ও পানি বেশি থাকায় আসিফ পানিতে ডুবে যায়। তাকে দিনভর খোঁজার পর পাওয়া যায়নি। সন্ধ্যায় ভেসে উঠলে তার মরদেহ উদ্ধার করা হয়।
আসিফের আত্মীয়রা জানান, বেশ কয়েক বছর আগে আসিফের বাবার সঙ্গে তার মায়ের বিবাহ বিচ্ছেদ হয়। তারপর থেকে আসিফ তার মায়ের সঙ্গে নানার বাড়িতে থেকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে লেখাপাড়া করতো। একমাত্র সন্তান আসিফের মৃত্যুতে তার মা আফরোজা খাতুনের আর্তনাদ কিছুতেই থামছে না। আজান গ্রামের বাসিন্দা ও গাংনী উপজেলা সেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আবুল বাশার জানান, দারিদ্র্যতার কারণে আসিফ হোসেনকে তার মা অনেক কষ্ট করে লালন পালন করতো। তার মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আসিফের মায়ের অনেক স্বপ্ন ছিল ছেলেকে নিয়ে। পুকুরের পানি কেড়ে নিলো সেই স্বপ্ন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান জানান, আসিফ হোসেনের মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।





