স্টাফ রিপোর্টার ॥ যশোরের বাঘারপাড়ায় কৃষক, কৃষি পণ্য ব্যবসায়ী ও ভোক্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বুধবার দিনব্যাপী শাক-সবজি, ফল ও পান, ফসলের পোকা-মাকড় ও রোগ বালাই ব্যবস্থাপনায় জৈব বালাইনাশকভিত্তিক প্রযুক্তির উদ্ভাবন ও সম্প্রসারণ প্রকল্পের (ডিএই) আওতায় এ প্রশিক্ষণ দেওয়া হয়।
এদিন সকালে এক দিনের প্রশিক্ষণে উপজেলা পরিষদ মিলানায়তনে ও কৃষি অফিসের হল রুমে দু ব্যাচে প্রশিক্ষককের দায়িত্ব পালন করেন প্রকল্পের উপ পরিচালক কৃষিবিদ রেজাউল ইসলাম ও ডিএই যশোর জেলা উপ পরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাস। পরে উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের ক্ষেত্রপালা এলাকায় রোগ বালাই ব্যবস্থাপনায় জৈব বালাইনাশক ভিত্তিক প্রযুক্তির উদ্ভাবন ও সম্প্রসারণ প্রকল্পের প্রদর্শনী প্লট পরিদর্শন করেন কৃষি বিভাগের কর্মকর্তারা।




