বাগেরহাট সংবাদদাতা ॥ কোনো ধর্মই সহিংসতা ও উগ্রবাদকে প্রশয় দেয় না। উগ্রবাদ ও জঙ্গিবাদ রুখতে সকলকে সচেতন হতে হবে। বুধবার দুপুরে বাগেরহাট পৌরসভা মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা দি হাঙ্গার প্রজেক্টের অধীনে বিল্ডিং রেসিলিয়েন্স এগেইনস্ট ভায়োলেন্ট এক্সট্রিমিজম(ব্রেভ) শীর্ষক প্রকল্পের আয়োজনে সচেনতা বৃদ্ধিমূলক সভায় বক্তারা এসব কথা বলেন। বিশিষ্ট্ শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেনের সভাপতিত্বে সচেতনামূলক সভায় বক্তব্য দেন, বাগেরহাট পৌরসভার প্যানেল মেয়র ও বাগেরহাট প্রেস কাবের সাধারণ সম্পাদক আব্দুল বাকি তালুকদার, পৌরসভার নির্বাহী প্রকৌশলী রঞ্জন কান্তি গুহ, দি হাঙ্গার প্রজেক্টের খুলনা বিভাগীয় কো-অর্ডিনেটর মাসুদুর রহমান রঞ্জু, ব্রেভ প্রকল্পের বাগেরহাট জেলা কো-অর্ডিনেটর রবিউল ইসলাম প্রমুখ। আয়োজকরা জানান, দি হাঙ্গার প্রজেক্টের অধীনে বিল্ডিং রেসিলিয়েন্স এগেইনস্ট ভায়োলেন্ট এক্সট্রিমিজম(ব্রেভ) শীর্ষক প্রকল্পটি সহিংস চরমপন্থা রুখতে সাধারণ মানুষের সহনশীলতা বৃদ্ধিতে কাজ করবে। জেলার মোংলা, ফকিরহাট ও বাগেরহাট সদর উপজেলার ২৪টি ইউনিয়ন এবং দুইটি পৌরসভায় কাজ করবে। এ বছরের ২৩ মার্চ শুরু হওয়া প্রজেক্টটি ২০২৩ সাল পর্যন্ত বাগেরহাটে কাজ করবে।




