স্টাফ রিপোর্টার ॥ যশোরের কেশবপুর উপজেলার ফতেপুরের একটি পোল্ট্রি ফার্মে গত মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে বিক্রির জন্য মজুদ রাখা নষ্ট বিপুল পরিমানে ডিম জব্দ করেছে পুলিশ। এ সময় ফার্ম মালিকের ভাই কামরুজ্জামানকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, কেশবপুর থানা পুলিশের এসআই আজিজুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে ফতেপুরের ফতেমা পোল্ট্রি ফিড হ্যাচারিতে অভিযান চালান। এ সময় তিনি দেখতে পান বিপুল পরিমানে নষ্ট ডিম ভেঙ্গে একটি ড্রামে রাখা হয়েছে। যার পরিমান ১৫ কেজি। ডিমের ওই গোলা বিভিন্ন বেকারির কারখানায় বিক্রি করা হয়। এছাড়া একই উদ্দেশে নষ্ট (বাওয়া) ৫শ’ ডিম মজুদ করে রাখা হয়েছে। পুলিশের ওই কর্মকর্তা এ সময় নষ্ট ডিম ও গোলা জব্দ করেন। একই সাথে সেখানে উপস্থিত পোল্ট্রি ফার্ম মালিক সামরুল ইসলামের ভাই কামরুজ্জামানকে আটক করা হয়। এ ঘটনায় ফার্ম মালিক সামরুল ইসলাম ও তার ভাই কামরুজ্জামানের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-সি এর ১ (বি) ধারায় থানায় মামলা হয়েছে।




