খড় ছাটাই মেশিনে হাত বিচ্ছিন্ন শিশুর

লোহাগড়া(নড়াইল)সংবাদদাতা ॥ অসাবধনতায় হাতের কবজি হারালো শিশু তানভীর (৮)। গতকাল মঙ্গলবার দুপুরে ধানের খড় ছাটাই মেশিনের ভেতর না বুঝে হাত ঢুকিয়ে দিলে বাম হাতের কবজি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তার। গ্রামবাসী ও পারিবারিক সূত্র জানায়, নড়াইলের লোহাগড়া উপজেলার ধোপাদহ গ্রামের দরিদ্র কৃষক রবিউল ইসলামের ছেলে তানভীর। মা নেই, অন্য স্বামীর সংসারে। তার পিতা সংসার চালাতে কৃষিকাজসহ মাছ শিকার করেন। মঙ্গলবার দুপুরে ধোপাদহ গ্রামের শিশুটির বাড়ির পাশের মাছের ঘেরপাড়ে প্রতিবেশী আনটু ধানের খড় ছাটাই মেশিনে কাজ করছিলেন। হঠাৎ খেলার ছলে তানভীর না বুঝে মেশিনের ভেতর হাত ঢুকিয়ে দিলে মুহূর্তের মধ্যেই তার বাম হাতের কবজি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাতের বিচ্ছিন্ন অংশ বাদেই লোহাগড়া হাসপাতালে নিয়ে যায়। জরুরি বিভাগের ডাক্তার নাইমা আক্তার শান্তা শিশুর পরিবারকে জানান, দ্রুত বিচ্ছিন্ন হওয়া হাতের অংশ নিয়ে উন্নত হাসপাতালে গেলে ওই হাত জোড়া লাগানো সম্ভব। খবর পেয়ে শিশুর আত্মীয়-স্বজন মেশিনের মধ্যে থেকে হাতের বিচ্ছিন্ন অংশ বের করে দ্রুত হাসপাতালে পৌঁছান। পরে হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে যশোর সদর হাসপাতালে প্রেরণ করেন। এদিকে লোহাগড়া হাসপাতালে নেওয়ার পর শিশুর চাচাতো ভাইসহ কয়েকজনের কাছ থেকে টাকা ধার করে অ্যাম্বুলেন্স ভাড়া করতে হয়। শিশুর চাচাতো ভাই আহাদ জানান, চিকিৎসায় অনেক টাকা লাগবে। কিন্তু তানভীরের পিতার অতো টাকা নেই। তিনবেলা ঠিকমতো ভাতই পায় না খেতে। শিশুটি বর্তমানে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন। শিশুটিকে সুস্থ করতে বিত্তবানদের সহযোগিতা প্রয়োজন।

ভাগ