কলারোয়ায় বসতবাড়ির সীমানা প্রাচীর ভেঙ্গে দেয়ার অভিযোগ

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার কলারোয়া উপজেলার বামনখালী ঘোষপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সোমবার দিবাগত রাতে অজিত বিশ্বাস নামে এক ব্যক্তির বসতবাড়ির সীমানা প্রাচীর ভেঙ্গে দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অজিত বিশ্বাস প্রতিবেশী একই পাড়ার প্রভাত চন্দ্র ঘোষ (৫৫), তার স্ত্রী হাবু রানি ঘোষ (৪০) ও তার ছেলে নয়ন (১৮) এর বিরুদ্ধে কলারোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, বিবাদীরা অজিত বিশ^াসের প্রতিবেশী। তাদের সাথে বাদীর দীর্ঘদিন ধরে মামনখালী মৌজায় ৬১ নম্বর খতিয়ানে ১২ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে তারা বাদী অজিত বিশ্বাসকে ক্ষতি করার পাঁয়তারা করতে থাকে। এক পর্যায়ে সম্প্রতি বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যস্থতায় শালিস বিচারের মাধ্যমে বাদীর জমি বুঝে দেওয়া হয়। এরপর বাদী বিনা বাধায় তার বসতবাড়িতে ইট দিয়ে পাকা সীমানা প্রাচীর নির্মাণ করেন। এরই মধ্যে গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে বিবাদীরাসহ ৮/১০ জন মুখোশধারী সন্ত্রাসীরা ঐক্যবদ্ধ হয়ে বাদীর বাড়িতে ঢুকে বাড়ির সীমানা প্রাচীর ভাঙ্গা শুরু করে। এ সময় অজিত বিশ্বাস ঘুম থেকে জেগে বাইরে এসে বাধা দিতে গেলে তারা মারমুখি করেন। এক পর্যায়ে তারা সব প্রাচীর ভেঙ্গে দিয়ে বীরদর্পে চলে যায়। পরে এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়। এ ব্যাপারে কলারোয়া থানা পুলিশের এসআই মাসুদুর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

ভাগ