অভয়নগরে ব্যক্তির নামে সরকারি রাস্তার জমি, গড়ে উঠেছে ব্যবসা প্রতিষ্ঠান-বাড়ি

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ যশোরের অভয়নগরে সরকারি রাস্তা ব্যক্তির নামে নামপত্তন হয়েছে। এখানে গড়ে উঠেছে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ি। অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ভাটপাড়া মৌজায় ভাটপাড়া বাজারে এ ঘটনা ঘটেছে। তবে দখলকারীদের বিরুদ্ধে জারি হয়েছে উচ্ছেদ নোটিশ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা বলছেন, তদন্তপূর্বক দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অনুসন্ধানে জানা গেছে, ৬৪ নম্বর ভাটপাড়া মৌজার ১০০৭ খতিয়ানের জেএল নং-৬৪ এর ৩৭৬৩ দাগে সরকারি রাস্তার জমি কিনে নামপত্তন করে নির্মাণ করা হয়েছে নাদিম মেডিকেল নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়া একই খতিয়ানের ৩৭৬১ দাগে বসতবাড়ি নির্মাণ করে বসবাস করছেন ভাটপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে দিদার, মোহাম্মদ আলীর ছেলে আনোয়ার হোসেন, মোবারকের ছেলে হান্নান, আবেদিনের ছেলে শহিদুল, অমেদ আলীর ছেলে জিন্নাত ও আবু তাহের। রাস্তার শেষ প্রান্তে গড়ে উঠেছে কয়েকটি চায়ের দোকান। নাদিম মেডিকেলের মালিক ইউনুস আলী জানান, ‘আমি ২০১৯ সালে স্থানীয় কাজী মাহামুদ হোসেনের কাছ থেকে ৪ লাখ টাকা দিয়ে এক শতক জমি কিনি। ২০২০ সালের ২৯ জানুয়ারি আমার নামে নামপত্তন হয়েছে।’ বসতবাড়ি নির্মাণকারী শহিদুল ও জিন্নাতের সাথে কথা হলে তারা জানান, ‘সরকারি রাস্তার ওপর বাড়ি করেছি, সরকার চাইলে আমরা জমি ছেড়ে দেব।’ ভাটপাড়া ইউনিয়ন ভূমি অফিসের নায়েব মফিজুর রহমান জানান, ১৯৬২ সালের ম্যাপের নকশা অনুযায়ী নাদিম মেডিকেল নামের প্রতিষ্ঠানটি সরকারি রাস্তার ওপর নির্মিত হয়েছে। কিন্তু ১৯৮৮ সালের ম্যাপে ওই রাস্তার অস্তিত্ব নেই। তাহলে কীভাবে সরকারি রাস্তা ইউনুসের নামে নামপত্তন হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দখলকারী ৬ জনের বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছে। ৭ দিনের মধ্যে স্থাপনা অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। ভাটপাড়া গ্রামের বৃদ্ধ সাফায়েত মোল্যা ওরফে সাকা মোল্যা জানান, ১৯৬২ সালের ম্যাপ অনুযায়ী বর্তমানের ৩৭৬১ ও ৩৭৬৩ দাগে সরকারি রাস্তা ছিল। যে রাস্তা একসময় সংযুক্ত ছিল ভাটপাড়া বাজারের মূল সড়কের সাথে । ওই রাস্তার ওপর পর্যায়ক্রমে গড়ে উঠেছে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ি। তিনি আক্ষেপ করে বলেন, ১৯৬২ সালের ম্যাপে থাকা রাস্তা ১৯৮৮ সালের ম্যাপ থেকে কীভাবে হারিয়ে গেল? বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আকরামুজ্জামান কুদ্দুস বলেন, ভাটপাড়া ভূমি অফিসের কিছু অসাধু কর্মকর্তার দায়িত্বহীনতার কারণে সরকারি রাস্তা ব্যক্তির নামে নামপত্তন হয়েছে। তিনি দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক রাস্তা উদ্ধারের দাবি জানান। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেএম রফিকুল ইসলাম জানান, ‘আমি যোগদানের পূর্বে এ ঘটনা ঘটেছে। ম্যাপ থেকে সরকারি রাস্তার নকশা পরিবর্তন কখনও গ্রহণযোগ্য নয়। সরকারি রাস্তা কীভাবে ব্যক্তির নামে নামপত্তন হয়েছে তার প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা হচ্ছে। সরকারি সংশ্লিষ্টতা থাকলে ১৯৫০ সালের ভূমি আইন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকতার দায়িত্বে থাকা বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুসেইন খাঁন বলেন, জরিপ বিভাগের কারণে এমন ঘটনা ঘটতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

ভাগ