স্টাফ রিপোর্টার ॥ আসন্ন যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর জাহান ইসলাম নীরা। গতকাল সোমবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তার মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন। ইতিপূর্বে মনোনয়ন পেতে জেলা আওয়ামী লীগের সভাপতিসহ ১৪ জন ২০ হাজার টাকার বিনিময়ে প্রধান কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। সেখানে দলীয় মনোনয়ন বোর্ড যাচাই বাছাই শেষে নূর জাহান ইসলাম নীরাকে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়। নূর জাহান ইসলাম নীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি। আওয়ামী লীগের মনোনয়ন দৌড়ে উল্লেখযোগ্য নেতৃবৃন্দ হলেন- জেলা সভাপতি শহিদুল ইসলাম মিলন, সদর উপজেলা সভাপতি মোহিত কুমার নাথ, সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম, বর্তমান ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল প্রমুখ।





