ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার চুকনগরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ২৫ জন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল সোমবার সকাল নয়টায় চুকনগর-খুলনা মহাসড়কের চাকুন্দিয়া জামিয়া ইমদাদুল উলুম মাদ্রাসার সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, খুলনা থেকে ছেড়ে আসা চুকনগরগামী যাত্রীবাহী বাস (খুলনা মেট্রো-জ ১১-০০৯১) একটি ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসের (খুলনা মেট্রো-জ ০৪-০০৩৯) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসের অন্তত ২৫ জন যাত্রী আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে ডুমুরিয়ার ফায়ার সার্ভিস ও চুকনগর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে। চুকনগর হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ এসআই রেজাউল করিম রেজা বলেন, আহতদের মধ্যে দুই বাসের হেলপার ও এক যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরা হলেন-খুলনার ডুমুরিয়া উপজেলার হোগলাডাঙ্গা গ্রামের জাকির হোসেনের পুত্র হাফিজুর রহমান (২৫), সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামের বারেক জোয়ারদারের পুত্র খলিলুর রহমান (৪২) ও বাসের যাত্রী ফেনীর মো. আলীমুজ্জামান (৬৫)। আহত অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।





