স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ কেশবপুরে এক ইউপি সদস্যের বিরুদ্ধে অশালীন কথা বলা ও মারপিট করতে উদ্যত হওয়ার ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন গৃহবধূ তহমিনা বেগম। অভিযোগে জানা গেছে, কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল হালিম সানা পূর্ব শত্রুতার জের ধরে সোমবার সকালে ব্রাম্মণডাঙ্গা গ্রামের গোলাম সরোয়ারের স্ত্রী তহমিনা বেগম ও তার কন্যা রাজিয়া সুলতানাকে বিভিন্ন ধরনের অশালীন ভাষা প্রয়োগ করতে থাকেন। এ সময় প্রতিবাদ করলে তাদেরকে মারপিট করতে উদ্যত হন তিনি। পরে এলাকাবাসীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনার বিচার চেয়ে গৃহবধূ তহমিনা বেগম ওই ইউপি সদস্যের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সূত্র অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করেছে। এ ব্যাপারে ইউপি সদস্য আব্দুল হালিম সানা জানান, ‘এ ধরনের কোন ঘটনা ঘটেনি। সম্পূর্ণ মিথ্যাভাবে আমার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।’





