স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরতলীর বিরামপুর কালীতলা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী রবীন দাসকে রোববার সকালে নিজ বাড়ি থেকে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। তবে কোন সংস্থার পক্ষ থেকে তাকে আটকের কথা স্বীকার করা হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে বিরামপুর কালীতলা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী রবীন দাসকে তার বাড়ি থেকে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী পরিচয়ে আটক করা হয়। এ সময় তার ঘর থেকে গাঁজা ছাড়াও ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়। আটকের পর রবীন দাসকে একটি দামি মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। তবে এরপর থেকে রবীন দাসের কোন সন্ধান পাওয়া যাচ্ছেনা। যোগাযোগ করা হলে ডিবি পুলিশের ওসি সোমেন দাস জানান, তারা রবীন দাস নামে কাউকে আটক করেননি। তাছাড়া রোববার কোন টিম বিরামপুরে যায়নি। কোতয়ালি থানা পুলিশের ইনসপেক্টর (তদন্ত) শেখ তাসমীম আলম জানান, তারাও রবীন দাস নামে কোন মাদক ব্যবসায়ীকে আটক করেননি। একই কথা বলেছেন উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সাইফুল মালেক। অপরদিকে র্যাবও রবীন দাসকে আটকের কথা অস্বীকার করেছে।




