মহসেন জুট মিলস শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে সভা মিছিল

ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা॥ খুলনার শিরোমণি শিল্পাঞ্চলের ব্যক্তিমালিকানাধীন মহসেন জুট মিলস শ্রমিক কর্মচারীদের চূড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মিলস শ্রমিক কলোনিতে এক শ্রমিক জনসভা ও বিক্ষোভ মিছিল হয়। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সিবিএ সাবেক সভাপতি শহিদুল্লাহ খাঁ। মিলের ক্ষতিগ্রস্ত শ্রমিক পরিবারের সন্তান সাংবাদিক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় বক্তৃতা করেন ব্যক্তিমালিকানাধীন পাট,সুতা ও বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, বীর মুক্তিযোদ্ধা ইন্জিল কাজী প্রমুখ। সভায় নেতৃবৃন্দ বলেন, আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে শ্রমিক কর্মচারীদের চূড়ান্ত পাওনা পরিশোধের ব্যাপারে মিল মালিক সুনির্দিষ্ট কোন ঘোষণা না দিলে ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৪টায় মহসেন জুটমিল গেট থেকে শ্রমিক কর্মচারী পরিবারবর্গ নিয়ে প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে পদযাত্রা শুরু হবে। সভা শেষে সেখানে এক বিক্ষোভ মিছিল হয়।

ভাগ