ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার ডুমুরিয়ায় অবৈধভাবে নদী থেকে বালি উত্তোলনের অপরাধে এক ঠিকাদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকালে উপজেলার সাহস বাজার সংলগ্ন মন্দিরের পিছনে বদ্ধ নদী থেকে অনোনুমোদিত পন্থায় ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলনের অপরাধে ঠিকাদার ইমরান হোসেন সরদারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জিব দাশ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি জানান, খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. হেলাল হোসেন এবং ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. শাহনাজ বেগমের নির্দেশনায় মাটি ব্যবস্থাপনা আইন/২০১০ এর ১৫ (১) ধারায় এই জরিমানা করা হয়েছে। এ সময় বালি উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার মেশিনটিও জব্দ করা হয়েছে বলে জানান তিনি।





