মাগুরায় বাস মাইক্রোবাসের ত্রিমুখি সংঘর্ষে ৪ জন নিহত, আহত ২০

আড়পাড়া (মাগুরা) সংবাদদাতা ॥ মাগুরা সদর উপজেলার মঘিরঢাল এলাকায় দুটি যাত্রীবাহী বাস এবং মাইক্রোবাসের ত্রিমুখি সংঘর্ষে চারজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুর ২ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চাকলাদার পরিবহনের একটি যাত্রিবাহী বাস মাগুরা-যশোর সড়কের মঘিরঢাল এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসকে অতিক্রম করতে গিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় যশোর থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের অপর একটি যাত্রিবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সংঘর্ষ হয়। ত্রিমুখি এ সংঘর্ষে অন্তত ২০ জন কমবেশি আহত হন। দুর্ঘটনায় আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এদিকে বিকাল সাড়ে ৩ টার দিকে মাগুরা ও যশোর থেকে ফায়ার সার্ভিসের উদ্ধারকারি দল ঘটনাস্থলে পৌঁছে খাদে পড়ে যাওয়া চাকলাদার পরিবহন থেকে নিহত ৪ পুরুষ যাত্রীকে উদ্ধার করে। তাদের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে উদ্ধারকারি দলের সূত্র থেকে জানা গেছে।

ভাগ