স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া গ্রামে ছাগলে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে নারীসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে ওই গ্রামের মান্নান শেখের ছাগলে প্রতিবেশী হাফিজ শেখের কপি ক্ষেত খায়। এ নিয়ে বৃহস্পতিবার বিকেলে বাকবিতন্ডা হয়। এ ঘটনার জের ধরে শুক্রবার সকালে উভয় পক্ষের লোকজন মারামারিতে জড়িয়ে পড়েন। এতে নারীসহ উভয় পক্ষের কমপক্ষে ৮ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।





