বাজারে আলু পেঁয়াজের দাম বেড়ে স্থির

স্টাফ রিপোর্টার ॥ যশোর বাজারে সবজির দাম এখনও উর্ধ্বমুখী। গরুর মাংস ও দেশি মুরগির দাম কিছুটা কমতির দিকে। ইলিশ মাছ সরবরাহের ওপর ভিত্তি করে দাম কমবেশি ওঠানামা করছে। আলু, পেঁয়াজের দাম বেড়ে এক জায়গায় স্থির রয়েছে। গতকাল শুক্রবার যশোরের বড়বাজার ঘুরে দেখা যায়, সবজির মূল্য এখনও চড়া। শীতকালীন আগাম শিম বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৪০ থেকে ১৬০ টাকা, ফুলকপি ১০০ থেকে ১২০ টাকা, গাজর ৭০ থেকে ৮০ টাকা, টমেটো ৭০ থেকে ৮০ টাকা, উচ্ছে ৮০ টাকা, বেগুন ৬৫ থেকে ৭০ টাকা, বরবটি ৬০ টাকা, শসা ৫০ থেকে ৬০ টাকা, ওল ৫০ টাকা, কাঁচকলা ৫০ টাকা, কচুরলতি ৫০ টাকা, বাঁধাকপি ৫০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, ঝিঙে ৪০ টাকা, লালশাক ও সবুজশাক ৪০ টাকা, পটল ৩০ থেকে ৪০ টাকা, কুমড়ো ৩০ থেকে ৩৫ টাকা, মানকচু ৩০ টাকা।
এদিকে, ভারত ১৪ সেপ্টেম্বর বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়ার পরদিন ১৫ সেপ্টেম্বর ৬০ টাকার পেঁয়াজ একলাফে ৩০ টাকা বেশি নিয়ে ৯০ টাকা কেজি দরে বিক্রি শুরু করেন ব্যবসায়ীরা। জেলা প্রশাসনের তৎপরতার পর পেঁয়াজের দাম আর বড়েনি। গতকাল শুক্রবার বড়বাজারের খুচরা দোকানিরা দেশি পেঁয়াজ ৭৫ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি করেন। ভারতীয় আমদানি করা পেঁয়াজ বিক্রি করেন ৫৫ থেকে ৬০ টাকায়। তবে আলুর বাড়তি দাম নেয়ার পর ব্যবসায়ীরা আর কমাননি। গতকালও ৩৫ টাকা কেজি দরে খুচরা দোকানিদের আলু বিক্রি করতে দেখা যায়। এদিন বাজারে কাঁচা মরিচ বিক্রি হয়েছে ১০০ থেকে ১২০ টাকা, দেশি রসুন ১০০ থেকে ১১০ টাকা, চায়না রসুন ৯০ থেকে ১০০ টাকা, দেশি আদা ১৪০ টাকা ও শুকনো মরিচ ২২০ থেকে ২৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এদিকে, ইলিশের ভরা মৌসুমে বড়বাজার মাছ বাজারে সরবরাহের ওপর দাম ওঠানামা করছে। প্রচুর আমদানি হলে ইলিশের কেজি আড়াই শ টাকা পর্যন্ত নেমে আসে। গতকাল শুক্রবার দেড় কেজি ওজনের ইলিশের কেজি বিক্রি হয়েছে ১ হাজার টাকায়। এক কেজি ওজনের ইলিশ বিক্রি হয়েছে ৮শ থেকে সাড়ে ৮শ টাকায়। ৭শ/৮শ গ্রাম ওজনের ইলিশের কেজি বিক্রি হয়েছে ৭শ থেকে সাড়ে ৭শ টাকায় আর ৩/৪ পিস কেজি ইলিশ বিক্রি হয়েছে সাড়ে ৩শ টাকায়। এদিন অন্যান্য মাছ যেমন ৫০ পিসে কেজি পাবদা বিক্রি হয়েছে ৩শ ২০ টাকা, ৩০ পিসে কেজি বাগদা চিংড়ি ৬শ টাকা, এক কেজি ওজনের রুই ২শ ৬০ টাকা, ১০ পিসে রুপচাঁদার কেজি ৬শ টাকায় বিক্রি হয়েছে। তাছাড়া বাজারে দেশি মুরগির দাম কিছুটা কমেছে। প্রতি কেজি দেশি মুরগি বিক্রি হতে দেখা গেছে ৩শ ৭০ টাকায়। কাঠেরপুলে গরুর মাংসের দামও বেশ কিছুটা কমেছে। প্রতি কেজি গরুর মাংস ৪শ থেকে ৫শ টাকার মধ্যে বিক্রি হতে দেখা গেছে।

ভাগ