আক্রান্ত কমেছে : যশোরে করোনায় ৫১ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ যশোরে চলতি মাসে করোনা ভাইরাসে প্রতিদিন আক্রান্তের হার কমলেও বৃদ্ধি পেয়েছে কোভিড-১৯ সংক্রমণে আক্রান্তদের মৃত্যুর মিছিল। যশোর ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আরিফ আহমেদ জানিয়েছেন, কোভিড-১৯ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মুরালি দাস (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে করোনায়। গত মঙ্গলবার দিনগত রাত ২টা ৪৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মুরালি দাসের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার গোপালপুরে। গত ১৪ সেপ্টেম্বর রিপোর্টে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। এরপর ১৫ সেপ্টেম্বর দুপুরে তাকে এ হাসপাতালের কোভিড-১৯ ইউনিটে ভর্তি করা হয়েছিল। আরএমও জানিয়েছেন, যশোর ২৫০ শয্যা হাসপাতালে গত ৭ সেপ্টেম্বর কোভিড-১৯ চালু করার পর মুরালি দাসের মৃত্যু ছিল প্রথম। এ পর্যন্ত ইউনিটে ১৪ জন করোনায় আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। সিভিল সার্জন অফিসের হিসেব মতে, যশোরে করোনায় এ পর্যন্ত ৫১ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, যশোরে গতকাল ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ১৭টি নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। এ রিপোর্টে ওই ৪ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের ভেতর যশোর সদরে ২ জন, অভয়নগর ও মনিরামপুরে ১ জন করে ২ জন আক্রান্ত হয়েছেন। এরা হচ্ছেন- পাকশি রেলওয়ে হাসপাতালে কর্মরত মো. জামান আল মিজান (২৯), চাঁচড়ার তৌহিদুল ইসলাম (৫০), অভয়নগরের শংকরপাশা গ্রামের হাসানুজ্জামান (২৫) ও মনিরামপুরের খানপুর গ্রামের হাসানুজ্জামান (২৫)। এছাড়া নড়াইলে ১২ জনের নমুনা পরীক্ষা করে ৮ জন আক্রান্ত হয়েছেন। মাগুরার ৩৪টি নমুনা পরীক্ষা করা হলেও কেউ আক্রান্ত হননি।

ভাগ