ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা ॥ ডুমুরিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তির ওপর প্রতিপক্ষ হামলা চালিয়েছে। গত সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার নরনিয়া গ্রামে এই ঘটনা ঘটে। ডুমুরিয়া থানায় অভিযোগ সূত্রে জানা যায়, নরনিয়া গ্রামের অলোক কুমার ঘোষের সাথে একই গ্রামের রফিক গোলদার ও হাবিবুর রহমান গোলদারের দীর্ঘদিন যাবৎ জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ বিষয়ে একাধিকবার সালিশ বৈঠক হলেও কোন সুরাহা হয়নি। ঘটনার দিন অলোক ঘোষ ওই জমিতে বেড়া ঘিরতে থাকলে রফিক ও হাবিবুর অলোক ঘোষের ওপর চড়াও হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এ সময় তিনি প্রতিবাদ করলে তারা অলোক ঘোষকে লাঠিসোটা দিয়ে মারধর করে। এ ঘটনায় অলোক ঘোষ ডুমুরিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব বলেন, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে রফিক গোলদার বলেন, মারামারির কোন ঘটনা ঘটেনি, জমির সীমানা নির্ধারন সংক্রান্ত জটিলতা নিয়ে তার সাথে কথা কাটাকাটি হয়েছে।




