খুলনা ব্যুরো ॥ খুলনার তেরখাদা উপজেলার পল্লীতে সন্ত্রাসীরা হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর ও মারধরের অভিযোগ পাওয়া গেছে। তবে ঘটনার সাথে জড়িত কাউকে এখনো আটক করতে পারেনি পুলিশ। গত সোমবার রাত আটটার দিকে তেরখাদা উপজেলার তেরখাদা ইউনিয়নের পানতিতা গ্রামের সোহেল মোল্লা ও আসাদ শেখের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। এর আগে গত এপ্রিল মাসেও সন্ত্রাসীরা হামলা চালিয়েছিল।
অভিযোগে জানা যায়, এপিলের পর গত সোমবার ফের বারাসাত গ্রামের বাসিন্দা ২০/২৫ জন দুর্বৃত্ত পানতিতা গ্রামের সোহেল মোল্লা ও আসাদ শেখের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। কিছুদিন আগে চাঁদার টাকা না দেওয়ায় আসাদ শেখকে পিটিয়ে গুরুতরভাবে আহত করে পলাশের সন্ত্রাসী বাহিনী। এ ঘটনায় মামলা করেন আসাদ। এদিন সেই মামলা তুলে নেওয়া ও পুনরায় চাঁদার টাকার দাবিতে সোহেল ও আসাদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। গ্রামবাসীরা জানান, পলাশ ধারাবাহিকভাবে সন্ত্রাসী তৎপরতা চালিয়ে আসছে। তার বিরুদ্ধে অস্ত্র ও সাংবাদিকের বাড়ি ভাঙচুরের মামলাসহ একাধিক অভিযোগে মামলা রয়েছে। তবে পলাশ শেখ বলেন, এ ঘটনায় তিনি জড়িত নন। তাকে মিথ্যাভাবে ফাঁসানো হচ্ছে। তেরখাদার থানা পুলিশের ওসি স্বপন কুমার রায় বলেন, পূর্ব শত্রুতার জের ধরে দুটি বাড়ি ভাঙচুর করা হয়েছে। আসাদ শেখের বাড়ি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।





