বিনামূল্যে ভ্যাকসিন নিশ্চিত করতে হবে: জি এম কাদের

লোকসমাজ ডেস্ক॥ জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, করোনা ভাইরাসের ভ্যাকসিন আসলেই যেনো দেশের প্রতিটি হত দরিদ্র মানুষ বিনামূল্যে ভ্যাকসিন পায় সেটি নিশ্চিত করতে হবে। সোমবার জাতীয় পার্টি চেয়ারম্যান-এর বনানী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জি এম কাদের বলেন, ভ্যাকসিনের ব্যাপারে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন, আমরা প্রধানমন্ত্রীর বক্তব্যে আশ্বস্ত। কিন্তু যাদের পয়সা আছে তারা ভ্যাকসিন পাবে, আর যাদের টাকা নেই তারা ভ্যাকসিন পাবে না এমন পরিস্থিতি যেন না হয়।
তিনি বলেন, প্রতিটি সরকারী হাসপাতালে করোনা ভাইরাসের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। যে সকল হাসপাতালে করোনা চিকিৎসা সেবা আছে সেগুলোকে আরো শক্তিশালী করতে হবে। আর যে সকল হাসপাতালে করোনা ইউনিট নেই, সে হাসপাতালগুলোতে করোনা ইউনিট জরুরি ভিত্তিতে চালু করতে হবে।
জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, করোনা নিয়ে দেশের মানুষ মারাত্মক বিভ্রান্তিতে আছে। কেউ জানে না করোনা সংক্রমণ বেড়েছে, নাকি কমেছে। আবার করোনায় মৃত্যু হার বেড়েছে নাকি কমেছে- তাও পরিস্কার নয়। স্বাস্থ্য বিভাগ বলছে, করোনা ইউনিট ফাঁকা, চিকিৎসা সরঞ্জাম অব্যবহৃত পড়ে আছে। কিন্তু এখনো করোনা আক্রান্ত রোগী নিয়ে মানুষের হাসপাতালে-হাসপাতালে ছোটাছুটির সংবাদ পাওয়া যাচ্ছে। এতে স্বাস্থ্য বিভাগের কাজের সমন্বয়হীনতা পরিস্কারভাবে ফুটে উঠেছে। করোনা সংক্রমণ শুরু থেকেই জাতীয় পার্টি সাধারণ মানুষের পাশে আছে উল্লেখ করে তিনি বলেন, সচেতনতা সৃষ্টিতে মাস্ক ও লিফলেট বিতরণ করেছে জাতীয় পার্টি। এছাড়া সারাদেশে নেতা-কর্মীরা অসহায় এবং দুঃস্থদের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে। জাতীয় পার্টি শক্তিশালী টেলিমেডিসিন টিম করে সাধারণ মানুষকে এখনো চিকিৎসা সহায়তা দিচ্ছে। নারায়ণগঞ্জের সোনারগাঁওসহ বিভিন্ন এলাকায় জাতীয় পার্টির নেতা-কর্মীরা করোনায় মৃত ব্যক্তির দাফন করতে টিম করেছে বলেও জানান জি এম কাদের।

ভাগ