বার্সেলোনাকে টেক্কা দিয়ে লাওতারোকে নিচ্ছে রিয়াল?

লোকসমাজ ডেস্ক॥ নতুন মৌসুমে বার্সেলোনার প্রথম এবং প্রধান টার্গেট ছিল ইন্টার মিলানের আর্জেন্টাইন স্ট্রাইকার লাওতারো মার্টিনেজ। মাসের পর মাস ধরে তাকে সাইন করানোর চেষ্টা চালিয়ে আসছে কাতালান ক্লাবটি। শোনা যায়, মার্টিনেজ নিজেও বার্সেলোনায় যেতে উন্মুখ। কিন্তু পরিস্থিতি এখন এমন দাঁড়িয়েছে যে চিরপ্রতিদ্বন্দ্বীদের নাকের ডগা দিয়ে ২৩ বছর বয়সী স্ট্রাইকারকে নিয়ে আসতে পারে রিয়াল মাদ্রিদ। গত মৌসুমে লা লিগা ফিরে পাওয়া ১৩ বারের চ্যাম্পিয়নস লিগ বিজয়ীরা মার্টিনেজের জন্য ইন্টারকে ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে, সঙ্গে ধার হিসেবে সার্বিয়ান স্ট্রাইকার লুকা ইয়োভিচকে। লাওতারোর বার্ষিক বেতন ধরা হয়েছে ৮০ লাখ ইউরো।
বিস্ফোরক এ খবরটি দিয়ে স্পেনের স্পোর্ত মিডিয়াসেট দাবি করেছে, তিন পক্ষের মধ্যে আলোচনা হয়েছে গোপনে। কারণ বার্সেলোনা থেকে আর্তুরো ভিদালকে নেওয়ার ইচ্ছা থেকে বার্সেলোনাকে কোনভাবে চটাতে চায় না ইন্টার। চিলিয়ান মিডফিল্ডার ভিদালের সঙ্গে তাদের চুক্তিটা নাকি সম্পন্ন হওয়ার পথে। স্পোর্ত মিডিয়াসেটের প্রতিবেদনে এও দাবি করা হয়েছে যে ইন্টার কোচ আন্তোনিও কন্তে রিয়ালের কাছে মার্টিনেজকে বিক্রি করে পাওয়া অর্থ থেকে বিনিয়োগ করতে চান এন’গোলো কান্তের পেছনে। চেলসির ফরাসি মিডফিল্ডারকে অনেক আগে থেকেই আনতে চাইছেন ইন্টারের কোচ। স্প্যানিশ দৈনিক এবিসির কাছে লাওতারো মার্টিনেজকে সাইন করানোর চেষ্টাকে অবশ্য সরাসরি অস্বীকার করেছে জিদানের রিয়াল মাদ্রিদ। এদিকে আর্জেন্টাইন ফরোয়ার্ড কন্তের অধীন ইতালিয়ান ক্লাবটিতে অনুশীলন শুরু করে দিয়েছেন। ১৯ সেপ্টেম্বর ফিওরেন্তিনা-তুরিনো ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২০-২১ মৌসুমের সিরি-আ। ২৭ সেপ্টেম্বর এই ফিওরেন্তিনার সঙ্গেই নিজেদের মাঠে প্রথম ম্যাচ খেলবে ইন্টার।

ভাগ