উৎপাদন ১০% বাড়ানোর পরিকল্পনা কলম্বিয়ার

লোকসমাজ ডেস্ক॥ পাম অয়েলের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে কলম্বিয়া। এর অংশ হিসেবে চলতি বছর দেশটিতে পাম অয়েলের উৎপাদন আগের বছরের তুলনায় ১০ শতাংশ বাড়তে পারে। মূলত আবাদ বৃদ্ধির জের ধরে এ বছর দেশটিতে পাম অয়েলের উৎপাদনে প্রবৃদ্ধি দেখা যেতে পারে। কলম্বিয়ার ন্যাশনাল ফেডারেশন অব অয়েল পাম গ্রোয়ার্সের এক প্রতিবেদনে এ সম্ভাবনার কথা জানানো হয়েছে। খবর রয়টার্স ও স্টার অনলাইন।
ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের পর কলম্বিয়া বিশ্বের চতুর্থ শীর্ষ পাম অয়েল উৎপাদনকারী দেশ। কলম্বিয়ায় উৎপাদিত পাম অয়েল খাদ্যপণ্য, কসমেটিকস ও জৈব জ্বালানি উৎপাদনের ব্যবহার হয়। দেশটির ন্যাশনাল ফেডারেশন অব অয়েল পাম গ্রোয়ার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সাল শেষে কলম্বিয়ায় সব মিলিয়ে ১৬ লাখ ৬০ হাজার টন অপরিশোধিত পাম অয়েল উৎপাদন হতে পারে, যা আগের বছরের তুলনায় ১০ শতাংশ বেশি।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, করোনা মহামারীর মধ্যেও কলম্বিয়ার পাম অয়েল উৎপাদনে প্রবৃদ্ধির দেখা মিলেছে। চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) দেশটিতে সব মিলিয়ে ৯ লাখ ৫৩ হাজার টন পাম অয়েল উৎপাদন হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে দেশটিতে পাম অয়েল উৎপাদন বেড়েছে ৮ শতাংশ।
কলম্বিয়ার ন্যাশনাল ফেডারেশন অব অয়েল পাম গ্রোয়ার্সের প্রেসিডেন্ট জেনস মেসা বলেন, গত বছর নানামুখী সংকটের ভেতর দিয়ে গেছে কলম্বিয়ার পাম অয়েল উৎপাদন খাত। ওই সময় পণ্যটির উৎপাদন আগের বছরের তুলনায় ৬ শতাংশ কমেছিল। চলতি বছরের শুরু থেকেই পাম অয়েলের উৎপাদন বাড়াতে আবাদ বৃদ্ধিসহ নানামুখী উদ্যোগ নেয়া হয়েছে। অল্প সময়ের মধ্যে এর সুফলও মিলেছে। করোনা মহামারীর মধ্যেও বছরের প্রথম ছয় মাসে পাম অয়েল উৎপাদনে ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে। বছরের শেষ নাগাদ এ প্রবৃদ্ধি ১০ শতাংশে উন্নীত হতে পারে।
অনেকটা একই রকম পূর্বাভাস দিয়েছে মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিস। প্রতিষ্ঠানটির পূর্বাভাসে বলা হয়েছে, চলতি বছর কলম্বিয়ায় সব মিলিয়ে ১৬ লাখ ৭০ হাজার টন পাম অয়েল উৎপাদনের সম্ভাবনা রয়েছে, যা আগের বছরের তুলনায় ৯ দশমিক ২২ শতাংশ বেশি। এর মধ্য দিয়ে চলতি বছর কলম্বিয়ার ইতিহাসে পাম অয়েলের উৎপাদন সর্বোচ্চে পৌঁছার সম্ভাবনা রয়েছে। ২০১৯ সালে দেশটিতে আগের বছরের তুলনায় ৬ দশমিক ৩১ শতাংশ কমে মোট ১৫ লাখ ২৯ হাজার টন পাম অয়েল উৎপাদন হয়েছিল।

ভাগ