গুগল সার্চের তথ্য দিয়ে চিহ্নিত করা গেল কভিড হটস্পট

    লোকসমাজ ডেস্ক॥ প্রয়োজনীয় অন্যান্য তথ্যের পাশাপাশি স্বাস্থ্যগত সমস্যার সমাধানও বহু মানুষ গুগলে খোঁজেন। এই প্রবণতা নতুন নয়। কিন্তু এই সার্চ প্রবণতা পর্যবেক্ষণ করেই বিজ্ঞানীরা নিখুঁতভাবে করোনাভাইরাস হটস্পট চিহ্নিত করতে সক্ষম হয়েছেন। কভিড-১৯ মহামারীর হটস্পট চিহ্নিত করতে এই কৌশলটি কীভাবে ব্যবহার করা যায় সেটি নিয়ে সম্প্রতি একটি মেডিক্যাল জার্নালে গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
    যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস জেনারেল হসপিটালের গবেষকরা দেখেছেন, যেসব এলাকার মানুষ বেশি বেশি পেটের সমস্যার বিষয়ে জানতে বা সমাধান পেতে ইন্টারনেটে সার্চ করেছেন সেসব এলাকায় পরবর্তীতে কভিড-১৯ এর প্রাদুর্ভাব বেশি দেখা গেছে। বিজ্ঞানীরা বলছেন, ভবিষ্যতে কোনো মহামারীর আগাম সতর্কবার্তা দিতে এই পদ্ধতিটি ব্যবহার করা যেতে পারে।
    বোস্টনের এই শীর্ষ হাসপাতালের গবেষকরা স্বাদ-গন্ধ হারানো এবং ডায়রিয়ার মতো উপসর্গগুলো সম্পর্কে মানুষের ইন্টারনেট সার্চের দিকে নজর রেখেছিলেন। তারা ২০ জানুয়ারি থেকে ২০ এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১৫টি অঙ্গরাজ্যে কভিড-১৯ মহামারী পরিস্থিতি এবং বিভিন্ন উপসর্গ সম্পর্কিত গুগল সার্চের ডাটার তুলনামূলক বিশ্লেষণ করেছেন।
    এই কাজটি গবেষকরা করেছেন মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যালফাবেটের গুগল ট্রেন্ডস টুল ব্যবহার করে। তারা দেখেছেন, নিউইয়র্ক, নিউ জার্সি, ক্যালিফোর্নিয়া, ম্যাসাচুসেটস এবং ইলিনয়েস অঙ্গরাজ্যে এসব বিষয়ে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে। আর এই সার্চ প্রবণতার তিন থেকে চার সপ্তাহ পরেই এসব অঙ্গরাজ্যে করোনাভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাব লক্ষ্য করা গেছে।
    এই গবেষণা প্রতিবেদনটি প্রকাশ হয়েছে ক্লিনিক্যাল গ্যাস্ট্রোলজি অ্যান্ড হেপাটোলজি সাময়িকীতে। গবেষকরা দেখিয়েছেন, ইনফ্লেুয়েঞ্জা মহামারীর গতিপ্রকৃতি পর্যবেক্ষণে এক দশকেরও বেশি সময় আগে একই পদ্ধতি ব্যবহার করা হয়েছিল। এবং এটি করোনাভাইরাস মহামারী পরিস্থিতি পর্যবেক্ষণেও সমানভাবে ব্যবহার করা যেতে পারে।
    চলতি মাসে হাসপাতালের এক প্রতিবেদনে বলা হয়েছে, কভিড-১৯ এর রোগীরা প্রায়ই পেটের সমস্যার মতো উপসর্গের কথা জানান, যেমন: তলপেটে ব্যথা, ডায়রিয়া। হাসপাতালের এই প্রতিবেদন প্রকাশের পরেই মূলত গবেষকরা গুগল ট্রেন্ড থেকে মহামারী পরিস্থিতি বিশ্লেষণের আইডিয়া পেয়ে যান।
    এ ব্যাপারে গবেষণা প্রতিবেদনের অন্যতম লেখক কাইল স্ট্যালার বলেন, আমাদের এই উপাত্ত একটা বিষয়ের গুরুত্ব খুব স্পষ্ট করেছে আর সেটি হলো, কভিড-১৯ এর ক্ষেত্রে পেটের (অন্ত্র) সমস্যা একটি নির্ভরযোগ্য উপসর্গ হতে পারে। আর পেটের সমস্যার সঙ্গে সম্পর্কিত এমন মহামারীর গতিপ্রকৃতির বিষয়ে ভবিষ্যদ্বাণী করার ক্ষেত্রে গুগল ট্রেন্ডস মূল্যবান টুল হিসেবে ব্যবহার করা যেতে পারে।
    এই গবেষকরা বর্তমানে কভিড-১৯ এর বিস্তার চিহ্নিত করতে বর্জ্যজলে করোনাভাইরাসের উপস্থিতি পরীক্ষা নিরীক্ষা করছেন।
    সূত্র: ব্লুমবার্গ

    ভাগ