মোংলায় পাঁচ কেজি হরিণের মাংসসহ আটক ১

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ মোংলায় আনুমানিক পাঁচ কেজি হরিণের মাংসসহ এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে পৌর শহরের শেহালাবুনিয়া এলাকা হতে তাকে আটক করা হয়। মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোংলা থানার সেকেন্ড অফিসার মো. জাহাঙ্গীর হোসেনসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা শুক্রবার রাতে শেহালাবুনিয়া এলাকায় অভিযান চালান। এ সময় শেহালাবুনিয়ার রামপাল স্টোরের সামনে থেকে পাঁচ কেজি হরিণের মাংসসহ পাচারকারী বাচ্চু হাওলাদার (৪০) কে হাতেনাতে আটক করেন অভিযানকারীরা। বাচ্চুর কাছে পাওয়া ব্যাগের মধ্যে হরিণের মাংস ছাড়াও মাথা এবং পা উদ্ধার করা হয়। বাচ্চু পৌর শহরের কুমারখালী এলাকার বাসিন্দা। সে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার তেলিখালী গ্রামের মো. মজনু হাওলাদারের ছেলে। এসআই জাহাঙ্গীর হোসেন বলেন, বাচ্চু সুন্দরবনের সংঘবদ্ধ হরিণ শিকারী চক্রের অন্যতম সদস্য। সে দীর্ঘদিন ধরে হরিণ শিকারসহ হরিণের মাংস মোংলা ছাড়াও আশপাশের বিভিন্ন এলাকায় চড়া দামে সরবরাহ করে আসছিল। আটককৃতকে শনিবার বনআইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে সুন্দরবনে তিনটি হরিণের মাথা ও ১২টি পাসহ ৪২টি কেজি হরিণের মাংস উদ্ধার করে সুন্দরবন পূর্ব বনবিভাগ। ২৫ আগস্ট বিকেলে মরা পশুর খাল এলাকায় চোরা শিকারিরা বনরীদের উপস্থিতি টের পেয়ে নৌকা রেখে বনের মধ্যে পালিয়ে যায়। এ সময় চাঁদপাই রেঞ্জের বনরীরা নৌকাটি জব্দ করে। নৌকা তল্লাশি করে তিনটি হরিণের মাথা, ৪২ কেজি মাংস, ১২টি পা, দুইটি ছুরি, একটি দা এবং ৭৫০ ফুট ফাঁদ উদ্ধার করে বনরীরা।

ভাগ