পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছার সোলাদানা ইউনিয়ন পরিষদে পানীয়জলের পুকুরটি বেড়া দিয়ে দখলের চেষ্টা চালানোর হচ্ছে। বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে কার্যক্রম বন্ধ করে দিয়েছেন কানুনগো। সোলাদানা ইউনিয়ন পরিষদের সোনাখালীস্থ পানীয়জলের পুকুর শনিবার সকালে কতিপয় ব্যক্তি দখলের চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীকে জানালে তিনি তাৎক্ষণিকভাবে কানুনগো মোজাম্মেল হোসেনকে ঘটনাস্থলে পাঠান। কানুনগো দুপুরে সরেজমিনে গিয়ে উপস্থিত লোকজনদের কাজ বন্ধ করে দেন। পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত কোন কাজ না করারও নির্দেশ দেন।
এ ব্যাপারে সোলাদানা ইউপি চেয়ারম্যান এস.এম এনামুল হক বলেন সোনাখালী, খাটুয়ামারী ও বেতবুনিয়া গ্রামের পানীয়জলের তীব্র সংকট থাকায় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পুকুর খনন করা হয়। পুকুর খননের পর থেকে এলাকাবাসী পানীয়জলের চাহিদা মিটিয়ে আসছেন। এদিকে কতিপয় ব্যক্তি পুকুর দখল করে পরিবেশ নষ্ট করার পাঁয়তারা করছেন। স্থানীয় অমীয় সরকার বলেন, পুকুরটি ইউনিয়ন পরিষদ দেখবে কেন? আমরা পুকুরটি রক্ষণাবেক্ষণের জন্য চারিপাশে ঘেরাবেড়ার ব্যবস্থা করছি। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, মৌখিকভাবে অভিযোগ পেয়ে কানুনগোকে পাঠিয়ে প্রাথমিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরবর্তী প্রতিবেদন পাওয়ার পর কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।





