পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছা পৌরসভায় সাদা স্ট্যাম্পে স্বাক্ষর না করায় এক দিনমজুরকে কুড়াল দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বাতিখালীর পূর্ব ওয়াপদায়। এ ঘটনায় থানায় এজাহার করা হয়েছে।
জানা যায়, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মৃত কফিল উদ্দীন সরদারের ছেলে মনিরুল ইসলাম স্থানীয় আবু তালেবের কাছ থেকে ৫০ হাজার টাকা দাদন নেন। কিন্তু তাকে ১০ হাজার টাকা দেন আবু তালেব। বাকি ৪০ হাজার টাকা না দিয়ে স্ট্যাম্পে স্বাক্ষর করতে চাপ দিলে তিনি অস্বীকার করায় তাকে মারপিট করা হয়। একপর্যায়ে কুড়াল দিয়ে মনিরুল সরদারের বাম পায়ে কোপ মারেন। এতে তিনি মারাত্মক জখম হন। এ সময় স্থানীয় খোরশেদ আলম, জালাল উদ্দীন সবুজ, মেছের আলীসহ অন্যান্যরা তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় আহত মনিরুলের স্ত্রী সাথী বেগম বাদী হয়ে পাইকগাছা থানায় মো. আবু তালেব মোড়লকে ১ নম্বর আসামি করে ৭ জনের নামে এজাহার দায়ের করেছেন। ওসি এজাজ শফী জানান, এজাহার পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।





