কুষ্টিয়া সংবাদদাতা॥ কুষ্টিয়ার কুমারখালীতে পাখি-ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ গেছে। শনিবার (১২ সেপ্টম্বর) দুপুরে কুষ্টিয়া-রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কের তরুণ মোড় শিপলু ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মাদারীপুরের শিবচর উপজেলার হাজী আইনুদ্দিন মাতুব্বরকান্দি এলাকার ফয়জুল খাঁর ছেলে ইনছান (৩০) ও একই উপজেলার কুতুবপুর সীমানা এলাকার রশিদ সরদারের ছেলে রমজান (৩২)। কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. মামুনুর রশিদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শিবচর থেকে দুজন মোটরসাইকেলে করে বেড়ানোর উদ্দেশ্যে কুমারখালী এসেছিলেন। শনিবার বেলা আড়াইটার দিকে তরুণ মোড় এলাকায় একটি পাখি-ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে তারা রাস্তার পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেলারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় উভয়ের মৃত্যু হয়। তিনি আরও জানান, এই ঘটনায় ভ্যান চালককে আটক করা সম্ভব হয়নি। নিহতদের পরিবারের কোনও অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়ায় হস্তান্তর করা হবে।





