মরহুম মশিয়ার রহমানের দোয়া মাহফিলে পুলিশের বাধাদান নেতাকর্মীদের মাঝে ক্ষোভ

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছার বাঁকড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মরহুম মশিয়ার রহমানের দোয়া মাহফিলে পুলিশের বাধা প্রদানের অভিযোগ উঠেছে। ফলে স্থানীয় নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা গেছে, পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকাল ৪টায় মরহুমের কবর জিয়ারত ও আসরবাদ পরিবারের পক্ষ থেকে বাঁকড়া বাজার জামে মসজিদে দোয়া মাহফিল হওয়ার কথা ছিল। কিন্তু এদিন সকালে খেচুড়ি রান্না করার সময় বাঁকড়া আইসি ক্যাম্পের পুলিশ তাতে বাধা দেয়। এ সময় খেচুড়ি মসজিদে মসজিদে বিতরণের কথা বলে রান্না করা হয়। আসরবাদ কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ অনিন্দ্য ইসলাম অমিতসহ নেতৃবৃন্দ মরহুমের কবর জিয়ারত শেষে মরহুমের পরিবারের সাথে সাক্ষাত করতে গেলে ওই বহরে থাকা বেশ কয়েকটি মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নেয় ক্যাম্পের এএসআই সুমন ও সাইফুল ইসলাম। পরে নেতৃবৃন্দ আইসি রিপন বালার সাথে যোগাযোগ করলে মোটরসাইকেলের চাবি ফিরিয়ে দেয়া হয়।
এ ব্যাপারে বাঁকড়া আইসি ক্যাম্পের ইনচার্জ রিপন বালার কাছে জানতে চাওয়া হলে তিনি এসব বিষয়ে কিছুই জানেন না বলে সাংবাদিকদের জানান। তবে এএসআই সাইফুল ইসলাম এই প্রোগ্রামের অনুমতি না থাকা এবং তারা উপর মহলের নির্দেশ পালন করেছেন বলে জানান। কবর জিয়ারত ও দোয়া মাহফিলের মত অনুষ্ঠানে বাঁকড়া পুলিশের এ ধরনের কর্মকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

ভাগ